জুন ৭, ২০২৬, ১০:০২ এএম
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ রোববার সকাল ১০টায় শুরু হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন। বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে এবং সন্ধ্যায় পরিচালক পদে বিজয়ীদের নাম ঘোষণার পর নতুন সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন করা হবে।নির্বাচন ঘিরে স্টেডিয়াম এলাকায় আনুষ্ঠানিকতার কোনো কমতি নেই।
তবে মাঠের পরিবেশে প্রতিদ্বন্দ্বিতার উত্তাপ নেই। গত আট মাসে নেতৃত্বে পরিবর্তন এলেও ক্রিকেটের নীতিনির্ধারণী পর্যায়ের চিত্র খুব একটা বদলায়নি। এবার বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল নির্বাচন পরিচালনা করছেন, গতবার দায়িত্বে ছিলেন আমিনুল ইসলাম বুলবুল। ভোটের দিনক্ষণের এই বিশাল আয়োজনকে অনেকে পূর্বনির্ধারিত চিত্রনাট্য বলেই মনে করছেন।
নির্বাচনে ২৫টি পরিচালক পদের মধ্যে ৮ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, আরও ২ জন জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে যুক্ত হবেন। আজকের ভোটে নির্ধারিত হবে মাত্র ১৫টি পরিচালক পদ।মোট ভোটার সংখ্যা ১৮৪ জন। এর মধ্যে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার ৬৬ জন, ক্লাব ক্যাটাগরির ৭৬ জন এবং অন্যান্য ক্যাটাগরির ৪২ জন ভোটার রয়েছেন।
সবচেয়ে বেশি আলোচনা চলছে ক্যাটাগরি–২ বা ক্লাব পর্যায় নিয়ে। সেখানে ১২টি পদের বিপরীতে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীদের একটি বড় অংশের সঙ্গে রাজনৈতিক পরিবার ও প্রভাবশালী মহলের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।
সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করছেন। শান্তিপূর্ণভাবে ভোট শেষ করার প্রস্তুতি নিয়েছে কমিশন। সব মিলিয়ে প্রতিদ্বন্দ্বিতার বদলে এবারের নির্বাচনটি কেবলই একটি আনুষ্ঠানিকতা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন