আগস্ট ৩, ২০২৬, ০৪:৫৬ পিএম
ফরাসি তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে ঢাকায় আনার পরিকল্পনা করছে সরকার। `প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ` নামের জাতীয় ফুটবল প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে তাকে অতিথি হিসেবে দেখা যেতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।সোমবার দুপুরে সচিবালয়ে এক সভার পর সাংবাদিকদের তিনি এই সম্ভাবনার কথা জানান।
শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই স্টিয়ারিং কমিটির সভায় সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সারা দেশে ফুটবলের নতুন জোয়ার তৈরি করতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় এই বিশাল আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। খেলাটিকে প্রতিটি প্রান্তে ছড়িয়ে দিতে উপজেলা পর্যায়ে একটির বদলে অন্তত চার থেকে পাঁচটি মাঠে একযোগে ম্যাচ অনুষ্ঠিত হবে।
সব শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণ নিশ্চিত করতে কঠোর অবস্থানের কথাও জানানো হয়েছে।কোনো কারিগরি কলেজ, মাদ্রাসা বা উচ্চবিদ্যালয় দল গঠন করতে ব্যর্থ হলে তাদের এমপিও স্থগিত রাখার পরিকল্পনা সরকারের রয়েছে। ছাত্র কম থাকলেও বিকল্প উপায়ে দল তৈরি করে প্রতিযোগিতায় অংশ নিতে হবে। প্রতিযোগিতা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রতিটি ভেন্যুতে একজন প্রথম শ্রেণির কর্মকর্তার নেতৃত্বে কমিটি থাকবে এবং দলগুলোর যাতায়াতের জন্য স্থানীয় পর্যায় থেকে আর্থিক সহায়তা দেওয়া হবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন