সেপ্টেম্বর ১৮, ২০২৬, ০৩:৫৮ পিএম
ইন্দোনেশিয়ার জাকার্তায় আগামী ২৪ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া ফিফা আসিয়ান কাপের জন্য ২৩ সদস্যের চূড়ান্ত বাংলাদেশ জাতীয় ফুটবল দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ঘোষিত এই স্কোয়াডে বড় চমক হিসেবে জায়গা করে নিয়েছেন তিন নতুন প্রবাসী ফুটবলার। আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত এই আন্তর্জাতিক টুর্নামেন্ট মাঠে গড়াবে।
নতুন তিন প্রবাসীর মধ্যে আক্রমণভাগের খেলোয়াড় ফারহান আলী ওয়াহিদ অন্যতম। জাতীয় দলে একজন দক্ষ সেন্টার ফরোয়ার্ডের প্রয়োজনীয়তা নিয়ে সাম্প্রতিক সময়ে ব্যাপক আলোচনা চলছিল, যাকে নতুন সমাধান হিসেবে বিবেচনা করছেন প্রধান কোচ টমাস ডুলি। তবে চলমান প্রস্তুতি ক্যাম্পে তিনি অংশ নেননি এবং ইন্দোনেশিয়ায় গিয়ে সরাসরি দলের সঙ্গে যুক্ত হবেন।
রক্ষণভাগে সুযোগ পেয়েছেন তরুণ ডিফেন্ডার জিদান ইউসুফ। অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্বে নজরকাড়া পারফরম্যান্স দেখিয়ে তিনি এবার সিনিয়র জাতীয় দলে প্রথমবার ডাক পেয়ে অভিষেকের অপেক্ষায় রয়েছেন। জাপান প্রবাসী ফুটবলার শুকি ইতফুসাও আক্রমণভাগের নতুন মুখ হিসেবে স্কোয়াডে অন্তর্ভুক্ত হয়েছেন। জাতীয় দলের ক্যাম্পে নিয়মিত অনুশীলনে কোচের আস্থা অর্জন করে চূড়ান্ত দলে নিজের জায়গা নিশ্চিত করেন এই তরুণ ফুটবলার।
নতুন এই তিন খেলোয়াড়ের পাশাপাশি দলে নিয়মিত প্রবাসী ও পরীক্ষিত ফুটবলার হিসেবে রয়েছেন হামজা চৌধুরী, শমিত সোম, তারিক কাজী, জায়ান আহমেদ ও ফাহামিদুল ইসলাম। অন্যদিকে অতীত স্কোয়াডে নিয়মিত থাকা সাইফ, ফাহিম এবং অভিজ্ঞ গোলরক্ষক আনিসুর রহমান জিকো চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছেন।
ঘোষিত ২৩ সদস্যের চূড়ান্ত স্কোয়াডে সুযোগ পাওয়া খেলোয়াড়রা হলেন মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ, তপু বর্মন, শাকিল আহাদ তপু, সাদ উদ্দিন, রহমত মিয়া, তারিক রায়হান কাজী, জায়ান আহমেদ, জিদান আলেকজান্ডার ইউসুফ, এস এম মনজুরুর রহমান, জামাল ভূঁইয়া, মো. সোহেল রানা, সোহেল রানা, হৃদয়, শেখ মোরসালিন, রাকিব হোসেন, মিনহাজুল করিম স্বাধীন, ফাহামিদুল ইসলাম, হামজা দেওয়ান চৌধুরী, শমিত সোম, ফারহান আলী ওয়াহিদ ও শুকি ইতফুসা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন