সেপ্টেম্বর ২৯, ২০২৬, ০৩:২৯ পিএম
দেশের ঘরোয়া ক্রিকেটের নতুন টুর্নামেন্ট ডি থ্রি ট্রফির ছয়টি ফ্র্যাঞ্চাইজির প্রধান কোচ চূড়ান্ত করা হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত আনুষ্ঠানিক ম্যানেজমেন্ট ড্রাফটের মাধ্যমে দলগুলো তাদের প্রধান কোচ বেছে নেয়। দেশের অভিজ্ঞ ও শীর্ষস্থানীয় দেশীয় কোচদের ওপরই আস্থা রেখেছে অংশগ্রহণকারী ফ্র্যাঞ্চাইজিগুলো। এর আগে গত রোববার নতুন এই টুর্নামেন্টের জন্য ছয় দলের আইকন ক্রিকেটারদের ড্রাফট সম্পন্ন হয়েছিল।
মঙ্গলবার ছিল দলগুলোর কোচিং ও ম্যানেজমেন্টের কর্মকর্তা বাছাই পর্ব। নিয়ম অনুযায়ী ড্রাফটে সবার প্রথমে প্রধান কোচ ডাকার সুযোগ পায় ব্লু-স্টার। প্রথম ডাকেই তারা অভিজ্ঞ কোচ সোহেল ইসলামকে দলের দায়িত্ব দেয়। এরপর সুযোগ পেয়ে একমি গ্রুপ দলে ভেড়ায় সাবেক জাতীয় ক্রিকেটার ও কোচ রাজিন সালেহকে। তৃতীয় ডাকে অংশ নেয় সিটিজেন গ্রুপ এবং তারা অভিজ্ঞ মিজানুর রহমান বাবুলকে প্রধান কোচ হিসেবে নিশ্চিত করে।
পরবর্তী ধাপে নামী কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে নিজেদের প্রধান কোচ হিসেবে যুক্ত করে ফরচুন গ্রুপ।
সাবেক জাতীয় পেসার তালহা জুবায়েরকে প্রধান কোচের দায়িত্বে অন্তর্ভুক্ত করেছে সেভেন রিংস সিমেন্ট। সর্বশেষ ডাকে ওয়ালটন গ্রুপ তাদের কোচ হিসেবে বেছে নেয় জাতীয় দলের সাবেক স্পিনার ও নির্বাচক আব্দুর রাজ্জাককে। ফ্র্যাঞ্চাইজিগুলোর এমন মনোনয়ন শেষে টুর্নামেন্টের সব কটি দলের টেকনিক্যাল ও কৌশলগত নেতৃত্ব আনুষ্ঠানিকভাবে নির্ধারিত হলো।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন