বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০২৬,
এশিয়ান গেমস ক্রিকেট

পাকিস্তানকে রুখতে ব্যর্থ হয়ে ছিটকে গেল বাংলাদেশ

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১, ২০২৬, ১০:০২ এএম

পাকিস্তানকে রুখতে ব্যর্থ হয়ে ছিটকে গেল বাংলাদেশ

ছবি: সংগৃহীত

জাপানের নিশিনে এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের সেমিফাইনালে পাকিস্তানের কাছে ছয় উইকেটে হেরে স্বর্ণপদকের লড়াই থেকে ছিটকে গেছে বাংলাদেশ। বৃষ্টির শঙ্কা না থাকলেও ভেজা মাঠের কারণে ম্যাচ শুরু হতে সোয়া এক ঘণ্টা দেরি হয়। সময় বাঁচাতে ম্যাচটি কমিয়ে আনা হয় ১৩ ওভারে। টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে বাংলাদেশ নির্ধারিত ১৩ ওভারে সাত উইকেটে ১১১ রান তোলে। 

জবাবে ব্যাট করতে নেমে নয় বল হাতে রেখেই চার উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান দল। ব্যাটিংয়ে শুরুতেই বিপর্যয়ে পড়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা। দলীয় ৪৫ রানেই চার উইকেট হারিয়ে চাপে পড়লে হাল ধরেন তাওহিদ হৃদয়। মোসাদ্দেক হোসেনকে সঙ্গে নিয়ে তিনি ৩০ বলে ৫৩ রানের জুটি গড়ে দলকে লড়াইয়ের পুঁজি এনে দেন। হৃদয় ১৫ বলে একটি চার ও চারটি ছক্কায় ৪২ রানের বিধ্বংসী ইনিংস খেলে সুফিয়ান মুকিমের বলে আউট হন। 

মোসাদ্দেক করেন ১১ রান এবং শেষ দিকে শেখ মেহেদি হাসানের আট রানের সঙ্গে পাকিস্তানের অতিরিক্ত ১৯ রান যোগ হয়ে সংগ্রহ দাঁড়ায় ১১১। জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তানও শুরুতেই বিপদে পড়ে। শেখ মেহেদি হাসানের বলে সাহিবজাদা ফারহান ফেরার পর নাসুম আহমেদ ও মুস্তাফিজুর রহমান দ্রুত উইকেট তুলে নেন। রিশাদ হোসেনের বলে উসমান খান আউট হলে দলীয় ৫৩ রানে চার উইকেট হারিয়ে চাপে পড়েছিল পাকিস্তান। 

কিন্তু সেখান থেকে খেলা নিজেদের নিয়ন্ত্রণে নেন হাসান নাওয়াজ ও আব্দুল সামাদ। এই দুই ব্যাটার অবিচ্ছিন্ন ৫৯ রানের জুটি গড়ে দলকে সরাসরি জয়ের বন্দরে পৌঁছে দেন। সামাদ ১৫ বলে ৩০ রান এবং নাওয়াজ ২২ বলে ২৭ রান করে অপরাজিত থাকেন। বাংলাদেশের পক্ষে বল হাতে মুস্তাফিজুর রহমান সবচেয়ে খরুচে ছিলেন, তিনি দুই ওভারে দেন ৪১ রান। নাসুম আহমেদ তিন ওভারে দেন ৩৩ রান। শেষ পর্যন্ত ১১ দশমিক তিন ওভারেই চার উইকেটে ১১২ রান তুলে ফাইনাল নিশ্চিত করে পাকিস্তান। স্বর্ণপদক জয়ের সুযোগ হাতছাড়া হলেও বাংলাদেশের সামনে এখন ব্রোঞ্জ পদক নির্ধারণী ম্যাচ রয়েছে।