মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬,

বেলজিয়ামকে ৪-১ গোলে উড়িয়ে দিল ফ্রান্স

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৬, ২০২৬, ১০:২৩ এএম

বেলজিয়ামকে ৪-১ গোলে উড়িয়ে দিল ফ্রান্স

ছবি: সংগৃহীত

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে এক অবিস্মরণীয় জয় তুলে নিয়েছে ফ্রান্স। প্রথমার্ধে পিছিয়ে পড়ার পর ম্যাচের শেষভাগে মাত্র ১৪ মিনিটের ঝড়ে দৃশ্যপট পুরোপুরি বদলে দেয় ফরাসিরা। শেষ পর্যন্ত বেলজিয়ামকে ৪-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে জিনেদিন জিদানের দল। শুরু থেকেই বলের দখল নিজেদের নিয়ন্ত্রণে রাখলেও গোলের দেখা পাচ্ছিল না ফরাসি আক্রমণভাগ। এ নিয়ে নিজেদের খেলা সর্বশেষ আট ম্যাচেই প্রথমার্ধে গোল না পাওয়ার খরা বহাল রইল তাদের। 

ম্যাচের ৩৫ মিনিটে বিপরীত চিত্র তৈরি হয়। রোমিও লাভিয়ার বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে বেলজিয়ামের উইঙ্গার দদি লুকবাকিও জোরালো শটে বল জালে জড়ান। এক শূন্য ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে বেলজিয়াম।দ্বিতীয়ার্ধের প্রথম আধা ঘণ্টায়ও ফরাসিরা গোল শোধ করতে পারেনি। ঠিক তখনই ম্যাচের কৌশল বদলান কোচ জিনেদিন জিদান। ৬০ মিনিটে মাঠে নামানো হয় মাইকেল ওলিসে ও রায়ান শেরকিকে এবং ৭২ মিনিটে নামেন দেজিরে দুয়ে। এই তিন বদলি খেলোয়াড়ের সমন্বিত আক্রমণেই ঘুরে দাঁড়ায় ফ্রান্স।

ম্যাচের ৭৭ মিনিটে লুকাস দা কুনহার পাস থেকে বল পেয়ে সমতাসূচক গোলটি করেন দেজিরে দুয়ে। এর চার মিনিট পরই অর্থাৎ ৮১ মিনিটে ওলিসের পাস থেকে লক্ষ্যভেদ করে দলকে দুই এক ব্যবধানে এগিয়ে দেন রায়ান শেরকি। মাঝে বেলজিয়ামের নিকোলাস এনগয় একটি নিশ্চিত সুযোগ নষ্ট করলে খেলায় ফেরার সম্ভাবনা শেষ হয়ে যায় বেলজিয়ামের।

এরপর আক্রমণ আরও জোরদার করে ফরাসিরা। ৮৮ মিনিটে দুয়ের সাথে দ্রুত বোঝাপড়ায় দলের তৃতীয় গোলটি এনে দেন মাইকেল ওলিসে। ম্যাচের যোগ করা সময়ের প্রথম মিনিটে শেরকি ও দুয়ের সমন্বিত পাস থেকে নিজের দ্বিতীয় এবং দলের চতুর্থ গোলটি করেন ওলিসে। মাত্র ১৪ মিনিটের ব্যবধানে চার গোল হজম করে বেলজিয়াম।

এই জয়ে উয়েফা নেশনস লিগের গ্রুপ এক-এ নিজেদের শীর্ষস্থান আরও পোক্ত করল ফ্রান্স। চার ম্যাচ শেষে তাদের মোট পয়েন্ট এখন ১০। অন্যদিকে এক সপ্তাহের ব্যবধানে ফ্রান্সের বিপক্ষে দুই ম্যাচেই হেরে ছয় পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে নেমে গেছে বেলজিয়াম। গ্রুপের অন্য ম্যাচে সাত পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে ইতালি।