শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

অবসরের ইঙ্গিত অ্যালিসা হিলির

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৩১, ২০২৫, ০৯:৩৭ পিএম

অবসরের ইঙ্গিত অ্যালিসা হিলির

আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ছিটকে পড়ার পরপরই ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ইঙ্গিত দিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যালিসা হিলি। স্বাগতিক ভারতের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার পর ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে হিলি জানান, এটিই ছিল তার ক্যারিয়ারের শেষ ওয়ানডে বিশ্বকাপ। এর মাধ্যমে এটা স্পষ্ট যে, পরবর্তী বিশ্বকাপের আগেই ওয়ানডে ফরম্যাটকে বিদায় জানাতে যাচ্ছেন এই অজি তারকা উইকেটরক্ষক-ব্যাটার।

অস্ট্রেলিয়ার নারী ক্রিকেটের অন্যতম সেরা তারকা হিসেবে বিবেচিত হন অ্যালিসা হিলি। তিনি অজিদের হয়ে সাতটি বিশ্বকাপের আসরে অংশ নিয়েছেন এবং দুবার (২০১৩ ও ২০২২) বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছেন। সবশেষ বিশ্বকাপ জয়ে তিনিই অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিয়েছিলেন। চলমান আসরেও তিনি দুর্দান্ত ফর্মে ছিলেন, একটি সেঞ্চুরিও করেছেন। তবুও, বয়স এবং ফিটনেসের কথা বিবেচনা করে তিনি ওয়ানডে থেকে সরে দাঁড়ানোর পরিকল্পনা করছেন।

ম্যাচ শেষে হিলি সরাসরি বলেন, ‘আমি সেখানে (পরবর্তী বিশ্বকাপে) থাকব না। এটা আমি এখনই বলে দিচ্ছি। পরের চক্রে নতুনদের দিকে তাকানোই সৌন্দর্য, আমরা দেখব সামনে কী অপেক্ষায় আছে।’তিনি আরও বলেন, ‘আগামী বছরের মাঝামাঝি সময়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে, যা আমাদের দলের জন্য খুবই রোমাঞ্চকর। তবে আমার মনে হয়, আমাদের ওয়ানডে ক্রিকেটে এখন কিছুটা পালাবদল (নতুনদের সুযোগ) দেখা যাবে। আজকের রাতের ভুল থেকে আমরা শিখব। আমরা নতুন করে গড়ে উঠব, আরও ভালো হয়ে ফিরব। দলের তরুণদের জন্য আরও ভালো সুযোগ পাওয়ার যে হাতছানি, অস্ট্রেলিয়ান ক্রিকেটের জন্য সেটি রোমাঞ্চকর।’

ভারতের কাছে সেমিফাইনালে হারের দায়ও নিজের কাঁধেই নিয়েছেন অজি অধিনায়ক। তিনি বলেন, ‘ফিরে তাকালে মনে হবে, দায় আমাদের নিজেদেরই। সম্ভবত প্রথমবার মনে হচ্ছে, আমরা এভাবে খেলেছি। ব্যাট হাতে আমরা ভালোভাবে শেষ করতে পারিনি, বোলিং ভালো করিনি এবং মাঠে অনেকগুলো সুযোগ হাতছাড়া করেছি। এতকিছুর পরও অবশ্য আমরা ম্যাচটি শেষের আগের ওভার পর্যন্ত টেনে নিয়েছিলাম, যা কিছুটা ইতিবাচক। তবে শেষ পর্যন্ত আমরা জয়ের জন্য যথেষ্ট করতে পারিনি।’