নভেম্বর ৮, ২০২৫, ০১:১১ পিএম
আগামী ডিসেম্বরে ঢাকায় বসতে যাচ্ছে লাতিন-বাংলা ফুটবল সুপার কাপ। এই প্রতিযোগিতায় স্বাগতিক বাংলাদেশ ছাড়াও অংশ নেবেন ব্রাজিল ও আর্জেন্টিনার অনূর্ধ্ব–২০ পর্যায়ের ফুটবলাররা। এই টুর্নামেন্টকে সামনে রেখে ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার কাফু ঢাকায় আসবেন। আর্জেন্টিনার শুভেচ্ছাদূত হিসেবেও একজন কিংবদন্তি ফুটবলার আসার সম্ভাবনা রয়েছে।
আয়োজক প্রতিষ্ঠান এ এফ বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম ডি আসাদুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, টুর্নামেন্টের মূল উদ্দেশ্য বাংলাদেশের তরুণ ফুটবলারদের উদ্বুদ্ধ ও উজ্জীবিত করা।ব্রাজিল: কিংবদন্তি ফুটবলার কাফুর সঙ্গে চুক্তি হয়েছে এবং আশা করা হচ্ছে তিনি আগামী মাসেই ঢাকায় আসবেন।আর্জেন্টিনা: আর্জেন্টিনার শুভেচ্ছাদূত হিসেবে আসতে পারেন হুয়ান সেবাস্তিয়ান ভেরন, গাব্রিয়েল বাতিস্তুতা কিংবা ক্লদিও ক্যানেজিয়ার মতো তারকাদের একজন। তবে বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি।
এই তিন দলের সুপার কাপে অংশ নিতে ২ ডিসেম্বর ঢাকায় পা রাখবে আর্জেন্টিনার বুয়েনস এইরেসভিত্তিক স্থানীয় ক্লাব আতলেতিকো চার্লোনের অনূর্ধ্ব–২০ দল। এর এক দিন পর আসবে ব্রাজিলের সাও বার্নার্দো ক্লাবের অনূর্ধ্ব–২০ দল। বাংলাদেশ দল গঠন করা হবে অনূর্ধ্ব–১৭, ২০ ও ২৩ দলের বাছাইকৃত ফুটবলারদের নিয়ে।
৫ থেকে ১১ ডিসেম্বর জাতীয় স্টেডিয়ামে প্রতিযোগিতার তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে:
-
৫ ডিসেম্বর: বাংলাদেশ বনাম ব্রাজিল
-
৮ ডিসেম্বর: বাংলাদেশ বনাম আর্জেন্টিনা
-
১১ ডিসেম্বর: ব্রাজিল বনাম আর্জেন্টিনা (আমন্ত্রিত ক্লাবদ্বয়)
সাধারণ দর্শকেরা টিকিট কেটে ম্যাচগুলো উপভোগ করতে পারবেন। টিকিটের দাম এখনো নির্ধারণ করা হয়নি।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন