শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

পঞ্চগড়ে হাড়কাঁপানো শীতে বৃষ্টির মতো ঝরছে কুয়াশা

আবু সালেহ মো. রায়হান

ডিসেম্বর ২২, ২০২৫, ১১:৩৪ এএম

পঞ্চগড়ে হাড়কাঁপানো শীতে বৃষ্টির মতো ঝরছে কুয়াশা

ছবি-দিনাজপুর টিভি

হিমালয় কন্যা খ্যাত পঞ্চগড়ে শীতের তীব্রতা আরও বেড়েছে। সোমবার (২২ ডিসেম্বর) উত্তরের এই জেলায় বৃষ্টির মতো কুয়াশা ঝরছে। সেই সাথে হিমালয় থেকে বয়ে আসা হিমেল বাতাসে জবুথবু হয়ে পড়েছে জনজীবন।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানায়, সোমবার সকাল ৬টা ও সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস।

বাতাসের আর্দ্রতা ছিল শতভাগ (১০০%)। বর্তমানে ঘণ্টায় ৯ থেকে ১০ কিলোমিটার বেগে কনকনে হিমেল বাতাস জেলাজুড়ে বয়ে যাচ্ছে। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.৭ ডিগ্রি সেলসিয়াস।

সরেজমিনে দেখা গেছে, কুয়াশার চাদরে ঢাকা পড়েছে পথঘাট। সোমবার সকাল ৮টা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেছে। স্থানীয় শ্রমজীবী মানুষরা জানান, রাতভর বৃষ্টির মতো কুয়াশা ঝরায় শীতের প্রকোপ অনেক বেশি অনুভূত হচ্ছে। বিশেষ করে ভোরে কাজে বের হওয়া দিনমজুর ও পাথর শ্রমিকেরা চরম ভোগান্তিতে পড়েছেন।

আবহাওয়া অফিস আরও জানিয়েছে, আগামী কয়েকদিন তাপমাত্রার এমন পরিস্থিতি বজায় থাকতে পারে এবং কুয়াশার পরিমাণ আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। দিন ও রাতের তাপমাত্রার বড় পার্থক্যের কারণে জেলার শিশু ও বৃদ্ধদের মাঝে শীতজনিত রোগের প্রকোপ বাড়ছে।