শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

পঞ্চগড়ে বৃষ্টির মতো কুয়াশায় দিনেও হেডলাইট জ্বালিয়ে চলছে গাড়ি

আবু সালেহ মো. রায়হান

ডিসেম্বর ২৫, ২০২৫, ১০:৩০ এএম

পঞ্চগড়ে বৃষ্টির মতো কুয়াশায় দিনেও হেডলাইট জ্বালিয়ে চলছে গাড়ি

ছবি-দিনাজপুর টিভি

হিমালয় কন্যা খ্যাত উত্তরের জেলা পঞ্চগড়ে শীতের তীব্রতা চরমে পৌঁছেছে। ঘন কুয়াশা আর কনকনে হিমেল বাতাসে নাস্তানাবুদ হয়ে পড়েছে জেলার মানুষজন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৬টা ও ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.৬ ডিগ্রি সেলসিয়াস।

বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ১০০ শতাংশ, যা শীতের অনুভূতিকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে।সরেজমিনে দেখা গেছে, বুধবার সন্ধ্যার পর থেকেই ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ে জেলার পথঘাট।

রাতভর বৃষ্টির মতো ঝরতে থাকে কুয়াশা। বৃহস্পতিবার ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। ফলে সড়ক ও মহাসড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে অত্যন্ত ধীরগতিতে যানবাহন চলাচল করছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানায়, জেলা ওপর দিয়ে ঘণ্টায় ৯-১০ কিলোমিটার বেগে হিমালয় থেকে আসা হিমেল বাতাস বয়ে যাচ্ছে। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস। দিন এবং রাতের তাপমাত্রার ব্যবধান মাত্র ৬ ডিগ্রিতে (১০-১৬ ডিগ্রি) নেমে আসায় দিনভর হাড়কাঁপানো শীত অনুভূত হচ্ছে।

তীব্র ঠান্ডায় জেলার ছিন্নমূল ও শ্রমজীবী মানুষ সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন। অনেকেই খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন তাপমাত্রা একই রকম থাকার পাশাপাশি কুয়াশা ও হিমেল বাতাসের তীব্রতা আরও বাড়তে পারে।