শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬,

পঞ্চগড়ে কুয়াশার দাপটে বিপর্যস্ত জনজীবন নেই সূর্যের দেখা

আবু সালেহ মো. রায়হান

ডিসেম্বর ২৯, ২০২৫, ১১:০৯ এএম

পঞ্চগড়ে কুয়াশার দাপটে বিপর্যস্ত জনজীবন নেই সূর্যের দেখা

ছবি-দিনাজপুর টিভি

হিমালয় কন্যা পঞ্চগড়ে জেঁকে বসেছে হাড়কাঁপানো শীত। গত এক সপ্তাহ ধরে চলা তীব্র শৈত্যপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে এ জেলার জনজীবন। সোমবার (২৯ ডিসেম্বর) ভোরে পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। দিনভর মেঘের আড়ালে ঢাকা থাকছে সূর্য, ফলে রোদের উত্তাপ বঞ্চিত মানুষ চরম কষ্টে দিনাতিপাত করছেন।

সোমবার ভোর থেকে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে জেলার পথঘাট। কুয়াশা এতটাই বেশি ছিল যে, দিনের বেলাতেও সড়ক ও মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে যানবাহনগুলোকে।

কুয়াশার সাথে ঘণ্টায় ১০-১২ কিলোমিটার বেগে বয়ে আসা হিমেল হাওয়া শীতের তীব্রতাকে আরও বাড়িয়ে দিচ্ছে।

শীতের এই বৈরী প্রভাবে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। শহরের মোড়ে মোড়ে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকেই। অন্যদিকে তীব্র শীত ও ঘন কুয়াশায় আলু, মরিচ ও বোরো ধানের বীজতলায় রোগবালাই বেড়ে যাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, সোমবার সকালে বাতাসের আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। দিন ও রাতের তাপমাত্রার ব্যবধান কমে আসায় শীতের অনুভূতি আরও প্রকট হচ্ছে। আগামী কয়েকদিন কুয়াশা ও হিমেল বাতাসের দাপট অব্যাহত থাকার পাশাপাশি তাপমাত্রা আরও কমতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।