শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬,

পঞ্চগড়ে মেঘলা আকাশ, তিনদিন ধরে দেখা নেই সূর্যের, তীব্র শীত অনুভূত

আবু সালেহ মো. রায়হান

ডিসেম্বর ৩১, ২০২৫, ১০:০৫ এএম

পঞ্চগড়ে মেঘলা আকাশ, তিনদিন ধরে দেখা নেই সূর্যের, তীব্র শীত অনুভূত

ছবি-দিনাজপুর টিভি

হিমালয়ের পাদদেশের জেলা পঞ্চগড়ে জেঁকে বসেছে তীব্র শীত। ঘন কুয়াশা আর বরফগলা হিমেল বাতাসে বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরের এই জনপদ। আকাশে মেঘের ঘনঘটা থাকায় গত তিনদিন ধরে জেলায় সূর্যের দেখা মেলেনি। এতে দিন ও রাতের তাপমাত্রার ব্যবধান কমে আসায় হাড়কাঁপানো শীত অনুভূত হচ্ছে।

বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ৬টা ও ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

গত মঙ্গলবার দিনভর গুড়ি গুড়ি বৃষ্টির মতো কুয়াশা ঝরেছে, যা আজ বুধবারও অব্যাহত রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ১৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসায় তীব্র ঠান্ডায় সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে।

সরেজমিনে দেখা গেছে, কুয়াশার কারণে সকালে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে। উত্তর দিক থেকে আসা ঘণ্টায় ১০-১২ কিলোমিটার বেগের হিমেল বাতাস শীতের তীব্রতা আরও বাড়িয়ে দিয়েছে। প্রয়োজন ছাড়া মানুষ ঘরের বাইরে বের হচ্ছে না। শীতের প্রকোপ বাড়ায় ফুটপাতের দোকানগুলোতে গরম কাপড় কেনার ভিড় লক্ষ করা গেছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, জানুয়ারির শুরুতেই এই অঞ্চলের ওপর দিয়ে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দিন এবং রাতের তাপমাত্রা ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করায় বিশেষ করে শ্রমজীবী ও ছিন্নমূল মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।