মে ৫, ২০২৬, ১১:৩১ এএম
ঢাকাসহ দেশের সাতটি অঞ্চলে মঙ্গলবার কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঝড়ের পাশাপাশি এসব এলাকায় বজ্রসহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার (৫ মে) বেলা ১১টার দিকে এক পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ঢাকা, ময়মনসিংহ, টাঙ্গাইল, ফরিদপুর, খুলনা, বরিশাল ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। উদ্ভূত পরিস্থিতিতে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর আজ সকাল ৭টার বার্তায় আরও জানিয়েছে, ঢাকা ও এর আশপাশের এলাকায় দুপুর ১টা পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এ সময়ে বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা থাকায় দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। আজ সকাল ৬টায় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
নদীবন্দরগুলোতে সতর্কসংকেত দেওয়ার পাশাপাশি ঝোড়ো হাওয়ার সময় বিশেষ সতর্কতা অবলম্বনের কথা বলা হয়েছে। রাজধানীতে আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে এবং আগামীকাল বুধবার সূর্যোদয় হবে ভোর ৫টা ২১ মিনিটে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন