জুন ৬, ২০২৬, ০২:০১ পিএম
সারা দেশে দক্ষিণ-পশ্চিম মৌসুমীবায়ু বা বর্ষা আসার আবহ তৈরি হয়েছে। আগামী আটচল্লিশ ঘণ্টার মধ্যে এই বায়ুর প্রবাহ কক্সবাজার উপকূল পর্যন্ত অগ্রসর হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে আগামী পাঁচদিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে এবং কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।
শনিবার আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক এই পূর্বাভাস দিয়েছেন।আগামী চব্বিশ ঘণ্টার মধ্যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি হতে পারে।
একই সঙ্গে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এতে সারা দেশের তাপমাত্রা কিছুটা কমতে পারে।সারা সপ্তাহ জুড়ে বৃষ্টির ধারা অব্যাহত থাকতে পারে।
রোববার থেকে বুধবার পর্যন্ত পর্যায়ক্রমে ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগে বৃষ্টির প্রবণতা বাড়বে। বিশেষ করে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। তাপমাত্রা অপরিবর্তিত বা সামান্য বাড়তে পারে।আগামী পাঁচদিন পর বৃষ্টিপাতের প্রবণতা আরো বাড়তে পারে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন