বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১৭, ২০২৬, ১২:২৬ পিএম

৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

Ai - ছবি

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে দেশের চার বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। টানা এই বৃষ্টির কারণে বিশেষ করে চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভূমিধসের চরম ঝুঁকি দেখা দিয়েছে বলে সতর্ক করা হয়েছে। সোমবার (১৭ আগস্ট) আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত এক বিশেষ সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়।

প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় দেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে প্রবল বৃষ্টিপাত হতে পারে। এসব এলাকার কোথাও কোথাও ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত ভারী এবং ৮৮ মিলিমিটারের চেয়েও বেশি অতি ভারী বৃষ্টিপাত হওয়ার শঙ্কা রয়েছে।

টানা ও ভারী বর্ষণের ফলে শহরাঞ্চলের অনেক নিচু স্থানে সাময়িক জলাবদ্ধতা তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। একই সঙ্গে অতি বৃষ্টিপাতের কারণে পাহাড়ি এলাকাগুলোতে ভূমিধসের মতো প্রাকৃতিক বিপর্যয়ের বিষয়েও স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষকে সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পরিমাপের মানদণ্ড অনুযায়ী, ২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হলে তা ভারী বৃষ্টিপাত হিসেবে ধরা হয়। আর এই পরিমাণ ৮৮ মিলিমিটারের বেশি হলে তাকে অতি ভারী বৃষ্টিপাত হিসেবে গণ্য করা হয়। বৈরী এই আবহাওয়ার মধ্যে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের নিরাপদ অবস্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।