আগস্ট ১৭, ২০২৬, ০৯:৫২ পিএম
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে বর্তমানে মৌসুমি নিম্নচাপে পরিণত হয়েছে। এটি এখন বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও পশ্চিমবঙ্গ উপকূল এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে দেশের আট বিভাগেই আগামী কয়েক দিন দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সোমবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম স্বাক্ষরিত এক পূর্বাভাসে জানানো হয়, মঙ্গলবার সন্ধ্যা ৬টার মধ্যে খুলনা, বরিশাল, রাজশাহী, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। একই সময়ে রংপুর, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও অতি ভারী বর্ষণের সতর্কতাও দেওয়া হয়েছে।
বৃষ্টির কারণে সারা দেশে দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে, তবে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে বলে ধারণা করা হচ্ছে। পূর্বাভাসে আরও বলা হয়েছে, মঙ্গলবার সন্ধ্যা ৬টার পর থেকে পরবর্তী ২৪ ঘণ্টাতেও একই আবহাওয়া বিরাজ করবে। নিম্নচাপের প্রভাবে আগামী পাঁচ দিন দেশের আট বিভাগেই এ ধরনের দমকা হাওয়াসহ ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে বলে দিনাজপুর টিভি ডট কম-এর খবরে নিশ্চিত করা হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন