শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬,

কাহারোলে আগাম জাতের আলু পরিচর্যায় ব্যস্ত কৃষক

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১৯, ২০২৫, ০৮:১২ পিএম

কাহারোলে আগাম জাতের আলু পরিচর্যায় ব্যস্ত কৃষক

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের কাহারোল উপজেলার ছয়টি ইউনিয়নের মাঠে মাঠে আলু চাষীরা এখন আলুর ক্ষেতে নিবিড় পরিচর্যায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। আগাম জাতের আলু পরিচর্যার মাধ্যমে বাম্পার ফলন নিশ্চিত করতে নিরলস কাজ করে যাচ্ছেন তারা।

বুধবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলার বিভিন্ন আলুর মাঠে গিয়ে দেখা গেছে, কেউ আলু ক্ষেতে উপরি সার প্রয়োগ করছেন, কেউ বালাইনাশক দিচ্ছেন, আবার কেউ শ্রমিক নিয়ে মাটি ও নিড়ানি দিচ্ছেন।

উপজেলার বলরামপুর গ্রামের আলু চাষী মো. সহিদুল ইসলাম জানান, এবার তিনি ৬০ শতক জমিতে আলু চাষ করেছেন। বর্তমানে আলুর বয়স ৩৫ দিন।

আবহাওয়া অনুকূলে থাকলে ৬০ দিনের মধ্যে ক্ষেত থেকে আলু তোলা যাবে বলে তিনি আশা করছেন। একই গ্রামের মো. শরিফুল ইসলাম জানান, এবার তিনি ৩৩ শতক জমিতে আলু চাষ করেছেন। তিনি বলেন, "গত বছর আলু বীজের দাম বেশি ছিল। এবার বীজের দাম কম হলেও অন্যান্য উপকরণের দাম বেশি।"কাহারোল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে এবার উপজেলায় আলুর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ হাজার ৩৩৩ হেক্টর জমিতে, যা গত বছর ছিল ৪ হাজার ১০ হেক্টর। গত বছরের তুলনায় এবার প্রায় ৭০০ হেক্টর জমিতে আলুর চাষ কম হচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মল্লিকা রানী সেহানবীশ বলেন, "আলু চাষের জন্য কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকলে আলুর বাম্পার ফলনের আশা করা যায়। দাম নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই।" তিনি আরও জানান, বর্তমানে মাঠে কৃষি উপ-সহকারী কর্মকর্তাগণ কৃষকদের পরামর্শ ও সহযোগিতা করছেন। বর্তমানে বাজারে পুরাতন আলু প্রতি কেজি ১৫ থেকে ১৬ টাকায় এবং নতুন আলু প্রতি কেজি ৮০ থেকে ৯০ টাকায় বিক্রি হচ্ছে।