শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

কাহারোলে আগাম জাতের আলু পরিচর্যায় ব্যস্ত কৃষক

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৪, ২০২৫, ০৮:১৬ পিএম

কাহারোলে আগাম জাতের আলু পরিচর্যায় ব্যস্ত কৃষক

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের কাহারোল উপজেলার ৬টি ইউনিয়নের বিস্তীর্ণ মাঠে আগাম জাতের আলু চাষ নিয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। বর্তমানে তারা আলুর ক্ষেতে সার, বালাইনাশক প্রয়োগ এবং নিড়ানী ও মাটির পরিচর্যার কাজ করছেন।

সোমবার (২৪ নভেম্বর) সকালে উপজেলার বিভিন্ন ইউনিয়নে সরেজমিনে ঘুরে এই চিত্র দেখা গেছে।

রামচন্দ্রপুর ইউনিয়নের বলরামপুর গ্রামের আলু চাষী মো. সহিদুল ইসলাম জানান, তিনি এবছর ৬০ শতক জমিতে আলু চাষ করেছেন। তার আলুর চারার বয়স চলছে ৩৫ দিন। আবহাওয়া অনুকূলে থাকলে ৬০ দিনের মধ্যেই ক্ষেত থেকে আলু তোলা যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

একই গ্রামের আরেক কৃষক মো. শরিফুল ইসলাম জানান, এবছর ৩৩ শতক জমিতে আলুর আবাদ করেছেন। তিনি বলেন, গত বছর আলু বীজের দাম কম ছিল। তবে এবার বীজের দাম কম হলেও অন্যান্য উপকরণের দাম অনেক বেশি।কৃষি বিভাগের তথ্য: কাহারোল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে এই উপজেলায় ৩ হাজার ৩৫০ হেক্টর জমিতে আলুর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত বছর আলুর আবাদ হয়েছিল ৪ হাজার ১০ হেক্টর জমিতে, অর্থাৎ গত বছরের তুলনায় এবার প্রায় ৭০০ হেক্টর জমিতে আলুর চাষাবাদ কম হচ্ছে।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মল্লিকা রানী সেহানবীশ জানান, আলু চাষের জন্য কৃষকদের প্রতিনিয়ত পরামর্শ দেওয়া হচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকলে আলুর বাম্পার ফলনের আশা করা হচ্ছে এবং দাম নিয়ে শঙ্কার কোনো কারণ নেই।বর্তমানে বাজারে পুরোনো দেশী জাতের আলু প্রতি কেজি ২০ থেকে ২৫ টাকা দরে এবং নতুন আলু ৬০ টাকা থেকে ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। কৃষি উপ-সহকারী কর্মকর্তারা মাঠে গিয়ে আলু চাষের ক্ষেত্রে কৃষকদের পরামর্শ ও সহযোগিতা করে আসছেন।