মো: মামুনুর রাশিদ
নভেম্বর ৯, ২০২৫, ০৩:৫৮ পিএম
ঐতিহ্যবাহী দিনাজপুর প্রেসক্লাব ও ৩৮ বছরের সাহিত্য সংগঠন উত্তরতরঙ্গ সাহিত্য পরিষদের যৌথ আয়োজনে “মুক্ত মত চর্চার জন্য...আমরা সন্নিহিত”— এই স্লোগানকে সামনে রেখে ঢাকা হতে আগত বিশিষ্ট কবি-সাহিত্যিক এবং স্থানীয় কবি-সাহিত্যিকদের নিয়ে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হলো মাসিক সাহিত্য সভা ও আড্ডা’র প্রাণবন্ত অনুষ্ঠান।
রবিবার (৯ নভেম্বর) সাহিত্য-আলোচনার মধ্য দিয়ে দিনভর চলে এই আড্ডা।
দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট কবি-সাহিত্যিক ও গীতিকার অ্যাডভোকেট মাজহারুল ইসলাম সরকার। স্বাগত বক্তব্য রাখেন উত্তরতরঙ্গ সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি ও প্রাবন্ধিক মাসুদ মুস্তাফিজ।
ঢাকা হতে আগত কবি ও কথা সাহিত্যিক হাসানুর রশিদ, কবি ও অনুবাদক ফারহান ইশরাক, কবি ও অনুবাদক আহমেদ শিপলু, কবি ও সম্পাদক অরবিন্দ চক্রবর্তী, লেখক ও শিল্পী আনন্দ মনির, কবি ও কথা সাহিত্যিক শাহান সাহাবুদ্দিন, লেখক ও শিক্ষক ওয়ারিফ কামাল ও তরুণ কবি ও অনুবাদক রনজিত দাশ তাদের অনুভূতি ব্যক্ত করে বলেন, "সাহিত্যই হোক অসাম্প্রদায়িক রাষ্ট্র গড়ার হাতিয়ার। মনুষ্যত্বের জাগরণ ঘটাতে পারলে কবি-সাহিত্যিকদের কেউ দাবিয়ে রাখতে পারবে না।"
সাহিত্য আড্ডায় কবি পাঠ ও আলোচনা করেন কবি আযাদ কালাম, ফরিদুল আযাদ মিলন, মো. কামরুজ্জামান গোপন, আলী ছায়েদ, জলিল আহমেদ, কবি মীর রবি, কবি ইমরান কবির, কাশী কুমার দাস ঝন্টু, ইয়াসমিন আরা রানু, নিরঞ্জন হিরা, মেহেনাজ পারভীন, মমিনুল ইসলাম, মীর শিরিন, ওয়াসিম আহমেদ শান্ত ও কবি আব্দুর রাজ্জাক।
সঞ্চালকের দায়িত্ব পালন করেন বিশিষ্ট-সাহিত্যিক ও কণ্ঠশিল্পী কমল কুজুর।