লামিয়া ইসলাম
অক্টোবর ৪, ২০২৫, ০২:৫০ পিএম
বাংলাদেশের তরুণ লেখক, শিক্ষক ও গবেষক তৌফিক সুলতান স্যারের বহুল প্রতীক্ষিত গ্রন্থ World of Knowledge–জ্ঞানের জগৎ শিগগিরই প্রকাশিত হতে চলেছে। দাঁড়িকমা প্রকাশনী থেকে আসছে বইটি। এটিকে জ্ঞান, দর্শন, বিজ্ঞান, ধর্ম এবং জীবনের বাস্তবতাকে এক সুতোয় গেঁথে তৈরি করা এক অনন্য জ্ঞানকোষ হিসেবে দেখা হচ্ছে।
তৌফিক সুলতান স্যার শিক্ষাক্ষেত্র, সাহিত্য ও সমাজসেবায় তার কাজের জন্য ইতোমধ্যেই পরিচিত। তার লেখনীতে ইসলামি মূল্যবোধ, মানবিকতা এবং বৈজ্ঞানিক বিশ্লেষণের এক অপূর্ব সমন্বয় থাকে। বইটি নিয়ে তিনি বলেন,

"একটি কলম পারে একটি জাতিকে জাগিয়ে তুলতে। ওয়ার্ল্ড অব নলেজ–জ্ঞানের জগৎ বইটি সেই বিশ্বাসের প্রতিফলন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এটি পাঠকদের জ্ঞানচর্চায় উদ্বুদ্ধ করবে এবং মানবতার সম্মিলিত কল্যাণে কাজ করার এক অদম্য প্রেরণা জোগাবে।"
প্রকাশক মোহাম্মদ আবদুল হাকিম জানান, ১১২ পৃষ্ঠার এই বইটি আকর্ষণীয় রঙিন কভার ও টেকসই বাঁধাইয়ে প্রকাশ করা হবে। তিনি উল্লেখ করেন, বইটিতে প্রাচীন সভ্যতার অভিজ্ঞতা, নবীদের জীবনাদর্শ, আধুনিক বিজ্ঞানের অগ্রগতি এবং মনোবিজ্ঞানের গভীর উপলব্ধি—এই সবকিছুই সন্নিবেশিত হয়েছে। এটি শিক্ষার্থী, গবেষক, শিক্ষক থেকে শুরু করে সাধারণ সব পাঠকের জন্যই সমানভাবে উপযোগী হবে।

তৌফিক সুলতান স্যার বর্তমানে ব্রেভ জুবিলেন্ট স্কলার্স অফ মনোহরদী মডেল কলেজের প্রভাষক, ভাওয়াল ইসলামিক ক্যাডেট একাডেমির ব্যবস্থাপনা পরিচালক এবং ওয়েলফশন মানবকল্যাণ সংঘের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।
তাঁর শিক্ষাজীবনের গুরু, বিজেএসএম মডেল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ প্রফেসর মঞ্জিল মোল্লা বলেন, "তৌফিক সুলতান সেই মেধাবী শিক্ষার্থী ছিলেন, যিনি হৃদয়ে জ্ঞানের আলো বহন করতেন। আজ তিনি সমাজকে আলোকিত করার মহৎ কাজে নিবেদিত। তিনি শুধু আমার সহকর্মী নন, পরিবারের ছোট ভাইয়ের মতো।"
এই প্রকাশনা যাত্রায় লেখক তার কর্মজীবন ও ব্যক্তিজীবনের বহু মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন—যাদের মধ্যে রয়েছেন দেশের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, চিকিৎসক, শিক্ষক, এবং শুভাকাঙ্ক্ষী।
বইটি এখন প্রকাশনার চূড়ান্ত পর্যায়ে আছে এবং খুব শীঘ্রই এটি সারাদেশের বইয়ের দোকান ও অনলাইন প্ল্যাটফর্মগুলোতে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।