শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

এতিম ভাইবোনের দায়িত্ব নিলেন তারেক রহমান

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৯, ২০২৫, ১১:৩৮ এএম

এতিম ভাইবোনের দায়িত্ব নিলেন তারেক রহমান

পাবনার ভাঙ্গুড়া উপজেলার দুই এতিম শিশু মরিয়ম ও ইসমাইলের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।শনিবার (৮ নভেম্বর) বিকেলে ভাঙ্গুড়ার খানমরিচ ইউনিয়নের মাদারবাড়ীয়া গ্রামে মানবিক কর্মসূচির মাধ্যমে শিশু দুটিকে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয় এবং তাদের পড়ালেখা চালিয়ে নিতে মাসিক শিক্ষা বৃত্তি প্রদানের ঘোষণা দেওয়া হয়।

ছোট ভাই ও সংসারের দায়িত্ব চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছোট্ট মরিয়মের কাঁধে!’—শিরোনামে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এই দুই শিশুর অসহায়ত্ব নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। হতদরিদ্র দিনমজুর বাবা কয়েক বছর আগে স্ট্রোকে মারা যান এবং প্রায় মাসখানেক আগে তাদের মাও মারা গেলে অবুঝ দুই শিশু দিশেহারা হয়ে পড়ে। এই প্রতিবেদনটিই তারেক রহমানের নজরে আসে।

এ সময় তারেক রহমানের পক্ষ থেকে এতিম মরিয়মের সঙ্গে সাক্ষাৎ করেন ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধিদল। উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী শামছুর রহমান শিমুল বিশ্বাস ও জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলমত নির্বিশেষ বাংলাদেশের সকলকে সঙ্গে নিয়ে মানবতার নতুন বাংলাদেশ নির্মাণে বদ্ধপরিকর। প্রতিহিংসা নয়, প্রতিশোধ নয় সকলকে সঙ্গে নিয়ে মানবতার বাংলাদেশ বিনির্মাণের মিশন অনেক আগে থেকেই শুরু করেছেন।”আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন সংগঠনের পক্ষে মরিয়ম ও তার ছোট ভাই ইসমাইলের পড়াশোনার জন্য মাসিক শিক্ষা বৃত্তির ঘোষণা দেন।