শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬,

সোনালী ব্যাংকের নথিতে ভুল:পেনশন থেকে বঞ্চিত অবসরপ্রাপ্ত কর্মকর্তা

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১২, ২০২৫, ০৬:২৩ পিএম

সোনালী ব্যাংকের নথিতে ভুল:পেনশন থেকে বঞ্চিত অবসরপ্রাপ্ত কর্মকর্তা

ছবি-দিনাজপুর টিভি

অবসরপ্রাপ্ত সোনালী ব্যাংকের প্রবীণ কর্মকর্তা মো. আবু বক্কর সিদ্দিক চৌধুরী ব্যাংকের ব্যক্তিগত নথিতে ভুলের অজুহাতে দীর্ঘদিন ধরে পেনশন থেকে বঞ্চিত হয়ে মানবেতর জীবন-যাপন করছেন।

মো. আবু বক্কর সিদ্দিক চৌধুরী জানান, তিনি ২০০৮ সালে দিনাজপুর পুলহাট সোনালী ব্যাংক শাখা থেকে অবসর গ্রহণ করেন এবং নিয়মানুযায়ী এককালীন অবসরকালীন পেনশনও গ্রহণ করেন।

পরবর্তীতে তৎকালীন সরকার পেনশন সংক্রান্ত বিষয়ে নতুন নিয়ম চালু করে, যার মাধ্যমে অবসরপ্রাপ্ত ব্যক্তিরা নির্দিষ্ট সময় পর পুনরায় পেনশন ভোগ করতে পারবেন।

সেই মর্মে তিনি ২০২৩ সালে পুনরায় পেনশনের জন্য আবেদন করেন। কিন্তু দীর্ঘদিন পার হয়ে গেলেও তিনি তার পেনশন থেকে বঞ্চিত রয়েছেন।এ ব্যাপারে তিনি ঢাকায় সোনালী ব্যাংক প্রধান কার্যালয়ে যোগাযোগ করলে কর্তৃপক্ষ জানায়:তাঁর নথিতে জন্ম তারিখ ভুল থাকার কারণে পেনশন প্রাপ্তিতে জটিলতা দেখা দিয়েছে।"অথচ এই একই নথি থেকেই তিনি ইতিপূর্বে ব্যাংকের সমস্ত সুযোগ-সুবিধা ভোগ করে এসেছেন।

মো. আবু বক্কর সিদ্দিক চৌধুরী অভিযোগ করেন, ব্যাংক কর্তৃপক্ষের ভুলের কারণে তিনি তাঁর পেনশন থেকে বঞ্চিত হয়ে পরিবার-পরিজন নিয়ে বর্তমানে মানবেতর জীবন-যাপন করছেন। তিনি এই মানবিক সংকট নিরসনে প্রধান উপদেষ্টা ও সোনালী ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন।