শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবি, মহাসড়কে বিক্ষোভ

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১২, ২০২৫, ০৯:২৬ পিএম

কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবি, মহাসড়কে বিক্ষোভ

কাদিয়ানীদের (আহমদিয়া সম্প্রদায়) রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা এবং আগামী ১৫ নভেম্বর অনুষ্ঠেয় আন্তর্জাতিক খতমে নবুওয়াত মহাসম্মেলন সফল করার লক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এই কর্মসূচি পালিত হয়।খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি, সোনারগাঁ শাখার আয়োজনে এই বিক্ষোভ মিছিলটি মোগরাপাড়া চৌরাস্তা জামে মসজিদ থেকে শুরু হয়।

মিছিলটি মারী-খালি সেতু হয়ে মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে পুনরায় মসজিদের সামনে এসে শেষ হয়।

বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি সোনারগাঁ শাখার সভাপতি মাওলানা মহিউদ্দিন খাঁন। মিছিলে বিভিন্ন মাদ্রাসার শিক্ষক, আলেম-ওলামা ও হাজারো তৌহিদি জনতা অংশ নেন।সমাবেশে উপস্থিত বিশিষ্ট ওলামায়ে কেরাম: মাওলানা জহিরুল ইসলাম ফারুকী, মুফতি সাইদুর রহমান, মাওলানা আব্দুদ দাইয়ান, মাওলানা রুহুল আমিন কাসেমী, মাওলানা সিদ্দিকুর রহমান, মাওলানা মুহাম্মাদুল্লাহ, মুফতি মিজান, মুফতি শিহাব, মাওলানা সাখাওয়াত উল্লাহ মুহিব, মাওলানা ফজলুর রহমান কাসেমী প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, "খতমে নবুওয়াত ইসলামের মূল ভিত্তি, আর কাদিয়ানীরা এ বিশ্বাসের পরিপন্থী। তাই তাদের অমুসলিম ঘোষণা করা দেশের মুসলমানদের ন্যায্য ও ঈমানি দাবি।" তারা অবিলম্বে কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করে ইসলামের মর্যাদা রক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণ করার জন্য বর্তমান সরকারের প্রতি জোর আহ্বান জানান। এসময় বক্তারা আগামী ১৫ নভেম্বরের মহাসম্মেলন সফল করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।