ডিসেম্বর ১০, ২০২৫, ০৯:৩২ পিএম
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে পঞ্চগড়ে রিসার্চ ইনিশিয়েটিভস্ বাংলাদেশ (রিইব)-এর উদ্যোগে নাটক, চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে পঞ্চগড় জেলা শহরের হান্নান শেখ পাবলিক স্কুল এ্যান্ড কলেজে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীরা মানবাধিকার বিষয়ে তাদের সচেতনতা ও অবস্থান তুলে ধরে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম শাহীন। পঞ্চগড় তথ্য অধিকার আইন বাস্তবায়ন কমিটির সভাপতি সোহেল রানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিইব-এর সিনিয়র প্রোগ্রাম অফিসার মো. মতিউর রহমান।
এ সময় কলেজের সহকারী শিক্ষক গোলাম মোর্শেদ সহ সকল শিক্ষক ও রিইব-এর কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।প্রোগ্রামের অংশ হিসেবে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ‘অধিকার সবার, কাউকে বাদ নয়’ নামক নাটিকা উপস্থাপন করে।এছাড়া, 'মানবাধিকার লংঘনের বিরুদ্ধে তথ্য অধিকারের ভ‚মিকা যথেষ্ট'—এই বিষয়ে পক্ষ ও বিপক্ষ দুই দলে ভাগ হয়ে বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন শিক্ষার্থীরা।
তথ্য অধিকার আইনের ভূমিকা যথেষ্ট নয় বলে মতামত দেওয়া বিপক্ষ দল বিতর্ক প্রতিযোগিতায় জয়ী হয় এবং বিপক্ষ দলের দলনেতা খুসবু জাহান আঁচল শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়।অনুষ্ঠান শেষে নাটক, বিতর্ক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সবাইকে রিইব-এর পক্ষ হতে পুরস্কৃত করা হয়।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন