মোস্তাফিজুর রহমান
ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ১১:৫৯ এএম
ছবি-দিনাজপুর টিভি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ। এক তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই শেষে তিনি বিএনপি প্রার্থীকে পরাজিত করেন।ঘোষিত বেসরকারি ফলাফল অনুযায়ী, দাঁড়িয়ে পাল্লা প্রতীক নিয়ে আব্দুল ওয়ারেছ পেয়েছেন ৮৯ হাজার ২৭৪ ভোট।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ফারুক আলম সরকার ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৭৩ হাজার ৪৮৩ ভোট। অর্থাৎ ১৫ হাজার ৭৯১ ভোটের ব্যবধানে জামায়াত প্রার্থী বিজয়ী হয়েছেন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এ আসনের মোট ১৪৬টি কেন্দ্রে ৩ লাখ ৮১ হাজার ৭৫১ জন ভোটারের মধ্যে ২ লাখ ১৩ হাজার ২৫২ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন। এর মধ্যে বৈধ ভোটের সংখ্যা ২ লাখ ৭ হাজার ৭৪০টি এবং বাতিল হয়েছে ৫ হাজার ৫১২টি ভোট।
বিজয়ী হওয়ার পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ এই বিজয়কে সাঘাটা ও ফুলছড়ি উপজেলার সাধারণ মানুষের বিজয় বলে অভিহিত করেছেন। ফলাফল ঘোষণার পর এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা।