ফেব্রুয়ারি ২১, ২০২৬, ০৫:৪৭ এএম
পঞ্চগড় কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। শুক্রবার একুশের প্রথম প্রহরে শহিদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি এই শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে সেখানে উপস্থিত গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও ভবিষ্যৎ নিয়ে সরকারের অবস্থান তুলে ধরেন।
প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, বিগত দিনে যেমন আমাদের মাতৃভাষাকে কেউ কেড়ে নিতে পারেনি, ঠিক তেমনি বর্তমানে আমরা যে গণতন্ত্র ও বিজয়ের পথে এগিয়ে যাচ্ছি, সেই গণতন্ত্রকেও কেউ নস্যাৎ করতে পারবে না।
তিনি দেশবাসীকে আশ্বস্ত করে বলেন, ইনশাআল্লাহ আজকে আমরা যে সমৃদ্ধির পথে হাঁটছি, সেই পথকে কেউ বাধাগ্রস্ত করতে পারবে না।এ সময় প্রতিমন্ত্রী দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে বলেন, আজ পুরো জাতি ঐক্যবদ্ধ। এই ঐক্যবদ্ধতার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার গঠিত হয়েছে।
এই সরকারের পক্ষ থেকে তিনি একটি স্পষ্ট বার্তা দিতে চান যে, আগামী দিনের বাংলাদেশ হবে ‘সবার আগে বাংলাদেশ’। এই আদর্শকে প্রাধান্য দিয়েই দেশ এগিয়ে যাবে বলে তিনি মন্তব্য করেন।
ফরহাদ হোসেন আজাদ আরও বলেন, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে দল, মত এবং ধর্ম নির্বিশেষে সব স্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন। ৫২ সালে বাঙালি জাতি যেভাবে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল, সেই গৌরব বজায় রেখে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ একটি শ্রেষ্ঠ জাতি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবে। তিনি আশা প্রকাশ করেন, এই ঐক্যের শক্তির মাধ্যমে বাংলাদেশ অনন্তকাল বিশ্বের বুকে মাথা উঁচু করে থাকবে। শ্রদ্ধা নিবেদনকালে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ তার সঙ্গে উপস্থিত ছিলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন