সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬,

বিএনপির উদ্দেশে যে বার্তা দিলেন রুমিন ফারহানা

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ২১, ২০২৬, ১২:৫১ পিএম

বিএনপির উদ্দেশে যে বার্তা দিলেন রুমিন ফারহানা

ব্যারিস্টার রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের নবনির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা সরাইলে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণে বাধার সম্মুখীন হয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। শুক্রবার রাতে মহান ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে স্থানীয় বিএনপির একটি পক্ষের বাধার মুখে পড়ার পর তিনি এই ক্ষোভ প্রকাশ করেন। রুমিন ফারহানা অভিযোগ করেন যে, রাষ্ট্রীয় প্রটোকল বা ওয়ারেন্ট অব প্রিসিডেন্স অনুযায়ী নির্বাচিত সংসদ সদস্য হিসেবে রাত ১২টা ১ মিনিটে তাঁরই সবার আগে শ্রদ্ধা নিবেদন করার কথা ছিল। 

কিন্তু সেখানে উপস্থিত বিএনপির কিছু নেতাকর্মী উদ্দেশ্যমূলকভাবে তাঁর এবং তাঁর সমর্থকদের ওপর হামলা চালায়।এই ঘটনাকে পুরোপুরি পূর্বপরিকল্পিত এবং ভয়ংকর হিংস্রতা হিসেবে অভিহিত করেছেন রুমিন ফারহানা। 

তাঁর দাবি অনুযায়ী নির্বাচনে পরাজিত হওয়ার কষ্ট এবং অবৈধ আর্থিক লেনদেনে ব্যর্থ হয়ে একদল সুবিধাবাদী লোক এই তাণ্ডব চালিয়েছে। রুমিন ফারহানা বিএনপি হাইকমান্ডের প্রতি সতর্কবার্তা দিয়ে বলেন যে, স্থানীয় পর্যায়ের উশৃঙ্খল নেতাকর্মীদের এখনই নিয়ন্ত্রণ না করলে এর পরিণতি দলের জন্য ভয়াবহ হতে পারে। 

তিনি মনে করেন দলের ও সরকারের ভাবমূর্তি রক্ষায় এই ধরনের ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেওয়া প্রয়োজন।সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন শুরু করার প্রথম দিকেই এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে পড়ে রুমিন ফারহানা নিজের ব্যক্তিগত নিরাপত্তা ও স্থানীয় রাজনৈতিক পরিবেশ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। 

তিনি জানান যে, কোনো একটি নির্দিষ্ট পক্ষ যদি রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘন করে বিশৃঙ্খলা সৃষ্টি করে তবে সেটি কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তিনি আরও বলেন যে, যারা দলের পদ ব্যবহার করে এমন উগ্রতা প্রদর্শন করে তারা মূলত দলের জন্যই ক্ষতিকর। তিনি আশা প্রকাশ করেন যে বিএনপি দল হিসেবে এসব উশৃঙ্খল কর্মীদের বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করবে। এই ঘটনার পর সরাইল ও আশুগঞ্জ এলাকায় রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে।