ফেব্রুয়ারি ২১, ২০২৬, ০২:১৪ পিএম
চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার বাউরিয়া ইউনিয়নে তারাবির নামাজ আদায়রত অবস্থায় ইউনিয়ন ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি মো. জিহাদের ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ছাত্রশিবিরের চট্টগ্রাম জেলা উত্তর শাখা। শনিবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে শাখা সভাপতি শওকত আলী ও সেক্রেটারি মাঈন উদ্দিন রায়হান গভীর উদ্বেগ প্রকাশ করেন।
শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ এই প্রতিবাদের বিষয়টি নিশ্চিত করেছেন।বিবৃতিতে নেতৃবৃন্দ উল্লেখ করেন, পবিত্র রমজান মাসে মসজিদের অভ্যন্তরে ইবাদতরত অবস্থায় একজন ছাত্রনেতাকে রক্তাক্ত করা কেবল রাজনৈতিক প্রতিহিংসা নয়, বরং এটি ধর্মীয় পবিত্রতা ও মৌলিক মানবাধিকারের চরম লঙ্ঘন।
তারা অভিযোগ করেন, চিহ্নিত মাদক কারবারি ও স্থানীয় বিএনপি নেতা ইয়াবা জামালের নেতৃত্বে জাসিব, নীরব ও নাঈমসহ একদল সশস্ত্র সন্ত্রাসী মসজিদের ভেতর থেকে জিহাদকে টেনে-হিঁচড়ে বের করে আনে। এরপর তাকে নৃশংসভাবে আঘাত করা হয়।
রাজনৈতিক মতাদর্শের কারণে তাকে কেন টার্গেট করা হয়েছে—এমন প্রশ্ন তুলে এই বর্বরতাকে সুস্থ মস্তিষ্কের কাজ নয় বলে অভিহিত করেছেন তারা।শিবির নেতারা মনে করেন, এই হামলা সন্দ্বীপের দীর্ঘদিনের শান্তি ও শৃঙ্খলা বিঘ্নিত করার একটি পরিকল্পিত অপচেষ্টা। প্রকাশ্যে জনসমাগমস্থলে এবং ইবাদতখানায় এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করা ইসলামের প্রতি চরম অবজ্ঞার শামিল বলে তারা বিবৃতিতে দাবি করেন। এই দুঃসাহসিক হামলার মাধ্যমে সন্ত্রাসীরা তাদের চরম অসহিষ্ণুতা ও ফ্যাসিবাদী মানসিকতার পরিচয় দিয়েছে বলে অভিযোগ করা হয়।
বিবৃতির শেষে আহত মো. জিহাদের দ্রুত আরোগ্য কামনা করা হয়। একইসঙ্গে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনতে স্থানীয় প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়েছে। এই বর্বরোচিত হামলার বিচার নিশ্চিত না হলে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হতে পারে বলে তারা বিবৃতিতে উল্লেখ করেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন