সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬,

১০ লাখ মানুষকে সুলভ মূল্যে সহায়তা দেওয়া হবে: খাদ্য প্রতিমন্ত্রী

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ২১, ২০২৬, ০৩:৩৩ পিএম

১০ লাখ মানুষকে সুলভ মূল্যে সহায়তা দেওয়া হবে: খাদ্য প্রতিমন্ত্রী

সুলভ মূল্যে পণ্য বিক্রি

সারাদেশে প্রায় ১০ লাখ মানুষকে সুলভ মূল্যে দুধ, ডিম ও মুরগির মাংসসহ বিভিন্ন প্রোটিনসমৃদ্ধ খাদ্যসামগ্রী সরবরাহের উদ্যোগ নিয়েছে সরকার। শনিবার দুপুরে টাঙ্গাইল শহরের পৌর উদ্যানে জেলা পর্যায়ে এই বিশেষ বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। 

উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি সরকারের এই নতুন খাদ্য সহায়তা কর্মসূচির লক্ষ্য ও পরিকল্পনা বিস্তারিতভাবে তুলে ধরেন।

প্রতিমন্ত্রী জানান, আসন্ন পবিত্র রমজান মাসে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা বিবেচনা করে প্রোটিনজাতীয় খাদ্যের জোগান নিশ্চিত করতে এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। দেশের প্রতিটি জেলা পর্যায়ে পর্যায়ক্রমে এই কার্যক্রম সম্প্রসারণ করা হবে। সরকারের লক্ষ্য হলো সমাজের নিম্নবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণির অন্তত ১০ লাখ মানুষকে সরাসরি এই কর্মসূচির আওতায় এনে প্রোটিন ঘাটতি পূরণ করা। 

উদ্বোধনের প্রথম দিনেই সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতিতে নির্ধারিত মূল্যে এসব নিত্যপণ্য বিক্রি করা হয়, যা স্থানীয় ক্রেতাদের মধ্যে স্বস্তি তৈরি করেছে।বাজার পরিস্থিতি ও পণ্যমূল্য নিয়ন্ত্রণ প্রসঙ্গে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে সরকার কঠোর অবস্থান নিয়েছে। 

সারাদেশে বাজার মনিটরিং ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে যাতে অসাধু ব্যবসায়ীরা কৃত্রিম সংকট তৈরি করতে না পারে। কেউ অতিরিক্ত মূল্য আদায় করলে কিংবা মজুতদারি করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক শরীফা হকসহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সরকারের পক্ষ থেকে জানানো হয়, রমজান মাস জুড়ে এই তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।