বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

ঈদুল ফিতরে ১১ দিন বন্ধ থাকছে বাংলাবান্ধা বন্দর

আবু সালেহ মোঃ রায়হান

মার্চ ১৭, ২০২৬, ০২:০৮ পিএম

ঈদুল ফিতরে ১১ দিন বন্ধ থাকছে বাংলাবান্ধা বন্দর

বাংলাবান্ধা স্থলবন্দর -ছবি-দিনাজপুর টিভি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে টানা ১১ দিন সকল ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। এই ছুটির ফলে মঙ্গলবার (১৭ মার্চ) থেকে আগামী ২৭ মার্চ পর্যন্ত ভারত, নেপাল ও ভূটানের সাথে বাংলাদেশের এই বন্দর দিয়ে পণ্য আদান-প্রদান বন্ধ থাকবে।

মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাবান্ধা স্থলবন্দর ল্যান্ড পোর্ট লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ। তিনি জানান, বাংলাবান্ধা সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের গত ১০ মার্চের এক সভায় এই ছুটির সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 

সিদ্ধান্ত অনুযায়ী, ১৭ মার্চ মঙ্গলবার থেকে শুরু হয়ে ২৭ মার্চ শুক্রবার পর্যন্ত বন্দরের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে। দীর্ঘ ১১ দিনের এই ছুটি শেষে আগামী ২৮ মার্চ শনিবার সকাল ৯টা থেকে পুনরায় বন্দরের নিয়মিত কার্যক্রম চালু করা হবে।

স্থলবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, পবিত্র ঈদুল ফিতর উদযাপন এবং শ্রমিক-কর্মচারীদের ছুটির বিষয়টি বিবেচনা করে ব্যবসায়িক সংগঠনগুলো সম্মিলিতভাবে এই সিদ্ধান্ত নিয়েছে। এই সময়ে বন্দরে কোনো পণ্যবাহী ট্রাক প্রবেশ করবে না এবং কোনো পণ্য খালাস বা রপ্তানি করা হবে না। ছুটির বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোর কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষকে ইতিমধ্যে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।

তবে আমদানি-রপ্তানি কার্যক্রম ও বাণিজ্যিক কর্মকাণ্ড বন্ধ থাকলেও বাংলাবান্ধা স্থলবন্দর ইমিগ্রেশন দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। বাংলাবান্ধা স্থলবন্দর ইমিগ্রেশনের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) কেফায়েতুল ওয়ারেস জানিয়েছেন, বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীরা নিয়ম অনুযায়ী দুই দেশের মধ্যে যাতায়াত করতে পারবেন। ইমিগ্রেশন সেবা নির্বিঘ্ন রাখতে সব ধরনের প্রস্তুতি রয়েছে।