মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬,

মহান স্বাধীনতা দিবসে বাংলাবান্ধায় বিজিবি-বিএসএফ বৈঠক

নিজস্ব প্রতিবেদক

মার্চ ২৮, ২০২৬, ১২:৩১ পিএম

মহান স্বাধীনতা দিবসে বাংলাবান্ধায় বিজিবি-বিএসএফ বৈঠক

সীমান্তে রিট্রিট প্যারেড ছবি-দিনাজপুর টিভি

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে পঞ্চগড়ের বাংলাবান্ধা জিরো পয়েন্টে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মধ্যে সেক্টর কমান্ডার পর্যায়ে এক সৌজন্য সাক্ষাৎ ও রিট্রিট সেরিমনি প্যারেড অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ বাংলাবান্ধা বিওপির সীমান্ত পিলার ৭৩২/১-এস সংলগ্ন জিরো পয়েন্টে এই বর্ণিল অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিজিবির আহ্বানে সাড়া দিয়ে দুই দেশের সীমান্ত রক্ষীবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা এই বিশেষ মিলনমেলায় অংশ নেন।

সৌজন্য সাক্ষাতে বিজিবির পাঁচ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্নেল মো. সুরুজ মিয়া (বিজিবিএম, পিএসসি)।

 অন্যদিকে বিএসএফের পাঁচ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন শিলিগুড়ি সেক্টর কমান্ডার শ্রী বলরাজ সিং। কুশলাদি বিনিময়ের পাশাপাশি উভয় দেশের কমান্ডাররা সীমান্তে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত নিরসনে গুরুত্বারোপ করেন। আলোচনায় বিশেষ গুরুত্ব পায় ভারতের আসন্ন বিধানসভা নির্বাচন-২০২৬। 

নির্বাচনকালীন সীমান্ত কেন্দ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের চোরাচালান বা অপরাধমূলক কর্মকাণ্ড রোধে উভয় দেশের সীমান্ত বাহিনী কর্তৃক সার্বিক সহযোগিতা প্রদানের বিষয়ে ঐক্যমত পোষণ করা হয়।আনুষ্ঠানিক আলোচনা শেষে বিজিবির পক্ষ থেকে বিএসএফ প্রতিনিধিদের শুভেচ্ছা স্বরূপ ফ্রুট বাস্কেট বা ফলের ঝুড়ি উপহার দেওয়া হয়। 

এরপর অত্যন্ত সুশৃঙ্খলভাবে দুই দেশের জওয়ানদের অংশগ্রহণে মনোজ্ঞ রিট্রিট সেরিমনি প্যারেড অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে উভয় দেশের অধিনায়কগণ নিজ নিজ দেশের অভ্যন্তরে প্রত্যাবর্তন করেন। স্বাধীনতা দিবসের এই বিশেষ আয়োজন সীমান্ত এলাকায় উপস্থিত সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করে এবং দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের একটি বলিষ্ঠ প্রতিফলন হিসেবে বিবেচিত হচ্ছে।