মার্চ ২৮, ২০২৬, ০৫:২৫ পিএম
চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে র্যাব সদস্য ডিএডি আব্দুল মোতালেব হত্যা মামলায় পৃথক অভিযান চালিয়ে পলাতক ২০ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে র্যাব-৭ চট্টগ্রামের আভিযানিক দল ১৩ জন এবং জেলা পুলিশ ৭ জন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। সর্বশেষ গত ২৭ মার্চ নোয়াখালীর কবিরহাট থানাধীন নবগ্রাম এলাকা থেকে মামলার ২৯ নম্বর এজাহারভুক্ত আসামি মো. পারভেজকে গ্রেপ্তার করে র্যাব-৭ ও র্যাব-১১-এর একটি যৌথ দল।
একই দিনে চট্টগ্রামের পাহাড়তলী ও বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকেও আরও দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১৯ জানুয়ারি জঙ্গল সলিমপুর এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেপ্তারের উদ্দেশ্যে অভিযান পরিচালনার সময় দুষ্কৃতিকারীরা র্যাব সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়।
এই হামলায় চারজন র্যাব সদস্য গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা ডিএডি আব্দুল মোতালেবকে মৃত ঘোষণা করেন।
এই নৃশংস হত্যাকাণ্ডের পর র্যাব-৭ বাদী হয়ে সীতাকুণ্ড থানায় ২৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় দেড়শ থেকে দুইশ জনকে আসামি করে একটি মামলা দায়ের করে।মামলা দায়েরের পর থেকেই আসামিদের ধরতে ধারাবাহিক অভিযান পরিচালনা করে আইন-শৃঙ্খলা বাহিনী। জানুয়ারির শেষ থেকে মার্চ মাস পর্যন্ত চট্টগ্রাম মহানগরী, সীতাকুণ্ড, কক্সবাজার এবং নোয়াখালীর বিভিন্ন এলাকায় এসব অভিযান চালানো হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে মো. সেলিম, মো. সেকেন্দার মিয়া, ইউনুছ আলী হাওলাদার এবং খন্দকার জাহিদ হোসেনের মতো গুরুত্বপূর্ণ আসামিরা রয়েছে। র্যাব-৭-এর সহকারী পরিচালক এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গ্রেপ্তারকৃত আসামিদের যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। বর্তমানে মামলার বাকি আসামিদের ধরতে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন