শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬,

বরিশালে চরমোনাই মাহফিলের উদ্বোধন, লাখো মুসল্লির ঢল

দিনাজপুর টিভি ডেস্ক

এপ্রিল ১, ২০২৬, ০৮:১৯ পিএম

বরিশালে চরমোনাই মাহফিলের উদ্বোধন, লাখো মুসল্লির ঢল

বরিশালের ঐতিহাসিক চরমোনাই মাদরাসা মাঠে শুরু হয়েছে তিন দিনব্যাপী ফাল্গুনের বার্ষিক মাহফিল। বুধবার বাদ জোহর উদ্বোধনী বয়ানের মাধ্যমে এই মাহফিলের সূচনা করেন চরমোনাই পীর আলহাজ্ব হযরত মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। উদ্বোধনী বক্তব্যে তিনি দুনিয়াবি স্বার্থ পরিহার করে আত্মশুদ্ধি ও আখেরাতমুখী জীবন গড়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। 

তিনি বলেন, পথভোলা মানুষকে মহান আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেওয়ার মহৎ উদ্দেশ্যেই এই মাহফিল প্রতিষ্ঠা করা হয়েছে।পীর সাহেব চরমোনাই তাঁর বয়ানে মুসল্লিদের নিয়ত পরিবর্তনের ওপর জোর দিয়ে বলেন, যারা কেবল পার্থিব কোনো উদ্দেশ্য নিয়ে এখানে এসেছেন, তাদের উচিত হবে সেই চিন্তা ত্যাগ করা। 

অহংকার বর্জন করে আল্লাহর সন্তুষ্টির পথে চলাই একজন মুমিনের মূল লক্ষ্য হওয়া উচিত। তিনি উপস্থিত জনতাকে জিকিরের মাধ্যমে অন্তর পবিত্র করার পরামর্শ দেন এবং এখান থেকে একজন প্রকৃত আদর্শ মানুষ হিসেবে ঘরে ফেরার আহ্বান জানান। তাঁর এই আধ্যাত্মিক আলোচনা শুনতে সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মুসল্লি মাহফিল মাঠে সমবেত হয়েছেন।

মাহফিলে আগত মুসল্লিদের জন্য এবারের ব্যবস্থাপনাও বেশ উন্নত। বিশাল চারটি মাঠজুড়ে অবস্থান নেওয়া মুসল্লিদের নামাজসহ ইসলামের মৌলিক বিষয়গুলোর ওপর হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। বিশেষ করে যারা দূর-দূরান্ত থেকে এসেছেন, তাদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে ১০০ শয্যার একটি অস্থায়ী হাসপাতাল স্থাপন করা হয়েছে। সেখানে ১৩ জন বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে মোট ৫৩ জন চিকিৎসক সার্বক্ষণিক চিকিৎসাসেবা প্রদান করছেন। জরুরি প্রয়োজনে ১০টি অ্যাম্বুল্যান্স ও ২টি নৌ-অ্যাম্বুল্যান্স প্রস্তুত রাখা হয়েছে বলে আয়োজক সূত্রে জানা গেছে।

শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় বিশাল একটি স্বেচ্ছাসেবক বাহিনী মাঠগুলোতে কাজ করছে। পাশাপাশি নিজস্ব নিরাপত্তা টিমের সদস্যরাও মোতায়েন রয়েছেন। বিশাল এই জনসমুদ্রে কেউ হারিয়ে গেলে বা কোনো জিনিসপত্র খুঁজে পেতে প্রতিটি মাঠে আলাদা করে ‘হারানো ক্যাম্প’ স্থাপন করা হয়েছে। এছাড়া নিরাপদ সুপেয় পানি, পর্যাপ্ত টয়লেট এবং অজু-গোসলের সুব্যবস্থা নিশ্চিত করা হয়েছে যাতে মুসল্লিদের কোনো ভোগান্তি পোহাতে না হয়।

আয়োজক কমিটি জানিয়েছে, তিন দিনব্যাপী এই মাহফিলে মোট সাতটি প্রধান বয়ান অনুষ্ঠিত হবে। এর মধ্যে পীর সাহেব চরমোনাই নিজে পাঁচটি বয়ান প্রদান করবেন এবং নায়েবে আমির মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম দুটি বয়ান পেশ করবেন। এছাড়া দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামগণও বিভিন্ন সেশনে গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন। আগামী ৪ এপ্রিল শনিবার সকাল সাড়ে ৮টায় আখেরি বয়ান ও বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে এবারের মাহফিল সমাপ্ত হবে।