এপ্রিল ২, ২০২৬, ০৩:৪৮ পিএম
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় তেলবাহী ট্রেন দুর্ঘটনার ১৬ ঘণ্টা পেরিয়ে গেলেও সিলেটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ এখনো স্বাভাবিক হয়নি। বুধবার রাত থেকে শুরু হওয়া এই অচলাবস্থায় চরম ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার যাত্রী। রেললাইন ক্ষতিগ্রস্ত হওয়া এবং ভারী ওয়াগনগুলো সরিয়ে নিতে সময় লাগায় এই রুটের ট্রেন চলাচল দীর্ঘ সময় ধরে স্থবির হয়ে আছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং দ্রুত লাইন সচল করতে উদ্ধারকারী দল নিরলস কাজ করে যাচ্ছে বলে রেল কর্তৃপক্ষ জানিয়েছে।এদিকে, এই ভয়াবহ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে রেলওয়ে বিভাগ থেকে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
পরিবহন কর্মকর্তা মেহেদী হাসানকে প্রধান করে গঠিত পাঁচ সদস্যের এই কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রেলওয়ে সূত্র জানিয়েছে, তদন্তের প্রতিবেদনের ভিত্তিতেই বোঝা যাবে এটি যান্ত্রিক ত্রুটি নাকি অন্য কোনো কারণে ঘটেছে।
ভবিষ্যতে এ ধরনের বড় দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা গ্রহণেরও আশ্বাস দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।মনতলা রেলওয়ে স্টেশন মাস্টার আতাউর রহমান খাদেম ঘটনার বিবরণ দিয়ে জানান, বুধবার রাত ৯টা ১০ মিনিটে চট্টগ্রাম থেকে সিলেটগামী একটি তেলবাহী ট্রেন মনতলা স্টেশন ছেড়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই দুর্ঘটনার কবলে পড়ে। ট্রেনের গার্ড ব্রেকসহ মোট ছয়টি ওয়াগন লাইনচ্যুত হয়ে লাইনের পাশে উল্টে যায়। প্রতিটি ওয়াগনে প্রায় ৪০ হাজার লিটার করে ডিজেল ছিল।
দুর্ঘটনার পরপরই ওয়াগনগুলো ফেটে তেল উপচে পড়তে শুরু করলে স্থানীয় উৎসুক জনতা বালতি ও থালা-বাসন নিয়ে তেল সংগ্রহের জন্য হুমড়ি খেয়ে পড়ে।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং বড় ধরনের অগ্নিকাণ্ড এড়াতে পুলিশ, সেনাবাহিনী, বিজিবি ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। স্থানীয় বিএনপির নেতাকর্মীরাও উদ্ধারকাজে প্রশাসনকে সহযোগিতা করেন। বিজিবি সদস্যরা স্থানীয়দের কাছ থেকে প্রায় ১ হাজার লিটার তেল সংগ্রহ করে পুনরায় রেল কর্তৃপক্ষের কাছে বুঝিয়ে দেন।
বর্তমানে ক্ষতিগ্রস্ত লাইন মেরামতের কাজ দ্রুতগতিতে চলছে। রেলওয়ে কর্মকর্তারা আশা করছেন, উদ্ধারকাজ শেষ করে খুব শিগগিরই সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ পুনরায় সচল করা সম্ভব হবে। তবে দীর্ঘ সময় ট্রেন বন্ধ থাকায় বিভিন্ন স্টেশনে আটকা পড়া যাত্রীদের দুর্ভোগ এখন চরমে পৌঁছেছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন