মে ৯, ২০২৬, ১১:১৩ এএম
ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার গভীর রাতে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের পাথারিয়াদ্বার সীমান্তে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন— মোরছালিন (১৯) এবং নবীর হোসেন (৪০)। মোরছালিন গোপীনাথপুর শাহআলম ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পারিবারিক সূত্র ও স্থানীয় বাসিন্দারা জানান, নিহত মোরছালিন ধজনগর গ্রামের বাতেনবাড়ি এলাকার হেবজু মিয়ার ছেলে। অন্য নিহত নবীর হোসেনের বাড়ি একই ইউনিয়নের মধুপুর গ্রামে। তাদের দুইজনের মরদেহ বর্তমানে ভারতের আগরতলার জিবি হাসপাতালে রয়েছে বলে জানা গেছে।
এই একই ঘটনায় আরও বেশ কয়েকজন বাংলাদেশি তরুণ আহত হয়েছেন, যাদের চিকিৎসার জন্য কুমিল্লায় পাঠানো হয়েছে।নিহতদের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে কয়েকজন চোরাকারবারী মোরছালিনকে বাড়ি থেকে ডেকে নিয়ে পাথারিয়াদ্বার সীমান্তে যায়।
একই সময়ে নবীর হোসেনসহ আরও কয়েকজন ওই সীমান্ত এলাকায় অবস্থান করছিলেন। এ সময় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি চালালে ঘটনাস্থলেই মোরছালিন নিহত হন। পরে বিএসএফ তার মরদেহ ভারতে নিয়ে যায়। গুলিতে আহত নবীর হোসেনকেও হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।মধুপুর গ্রামের বাসিন্দা মো. সবুর জানান, সীমান্তে গুলিতে দুইজন মারা যাওয়ার খবর তারা পেয়েছেন এবং নবীর হোসেনের পরিবারের সঙ্গেও এ বিষয়ে কথা হয়েছে। নবীর হোসেনের ছেলে মো. তপন জানান, তার বাবা সন্ধ্যা থেকেই বাড়িতে ছিলেন না এবং পরে বিভিন্ন মাধ্যমে তার বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছেন।
ধজনগর গ্রামের রিপন পাঠান নামের এক প্রতিবেশী জানান, রাতে ২০ থেকে ২৫ জনের একটি দল কাটাতারের সামনে গেলে বিএসএফ তাদের ওপর গুলি চালায়। এতে মোরছালিন গুলিবিদ্ধ হয়ে মারা যান এবং বাকিরা আহত হয়ে পালিয়ে আসেন। মোরছালিন এবার এইচএসসি পরীক্ষার্থী ছিল বলে তার পরিবার নিশ্চিত করেছে।
চন্ডিদ্বার বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার মো. মুইনুদ্দিন সাংবাদিকদের জানান, একজন নিহত হওয়ার প্রাথমিক খবর তারা পেয়েছেন। বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে তিনি উল্লেখ করেন। কসবা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ছামিউল ইসলাম জানান, বিএসএফের গুলিতে অন্তত একজন মারা যাওয়ার খবর তারা পেয়েছেন এবং এ বিষয়ে বিস্তারিত জানতে খোঁজ নেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া নিয়ে কাজ করছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন