মে ২৫, ২০২৬, ০৯:৪০ এএম
রাজধানীর আশপাশের কয়েকটি এলাকায় আজ সোমবার টানা ৯ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। পাইপলাইন প্রতিস্থাপন ও লিকেজ মেরামতের কাজের জন্য তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি এই সিদ্ধান্ত নিয়েছে। সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সব ধরনের গ্রাহকের গ্যাস সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন রাখা হবে।
জরুরি অবকাঠামো উন্নয়ন কাজের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।তারাবো বিশ্বরোড থেকে রূপসী, বরপা ও ভুলতা মোড় পর্যন্ত ৮ ইঞ্চি ব্যাসের ১৫০ পিএসআইজি লাইনের সঙ্গে সংযুক্ত সকল গ্রাহক এই গ্যাসহীন পরিস্থিতির মধ্যে পড়বেন।
একই সঙ্গে মুড়াপাড়া, কাঞ্চন ও হাটাবো এলাকার আবাসিক, বাণিজ্যিক ও শিল্পসহ সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। গ্রাহকদের সাময়িক এ অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
মেরামতের কাজ শেষে নির্ধারিত সময়েই সংযোগ চালুর কথা জানিয়েছে তারা।মেরামত শেষে বিকেলের পর থেকে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কথা রয়েছে।নির্দিষ্ট এলাকাগুলোতে গ্যাস ব্যবহারকারী বাণিজ্যিক ও শিল্প গ্রাহকদের কাজ সাময়িকভাবে ব্যাহত হতে পারে।
কোম্পানিটির পক্ষ থেকে আগেভাগেই বিজ্ঞপ্তি দিয়ে গ্রাহকদের সতর্ক করা হয়েছে। জরুরি প্রয়োজনে বা কোনো অসামঞ্জস্যতা দেখা দিলে তাদের হেল্পলাইনে যোগাযোগ করতে পরামর্শ দেওয়া হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন