মে ২৭, ২০২৬, ১০:২৩ এএম
সৌদি আরবের সঙ্গে মিল রেখে পটুয়াখালীর ৩৫টি গ্রামের প্রায় ২৫ হাজার মানুষ আজ বুধবার পবিত্র ঈদুল আজহা উদ্যাপন করছেন। সকাল থেকেই বিভিন্ন এলাকায় ঈদের নামাজ আদায় শেষে কোরবানি শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে চলে আসা এই রীতি অনুযায়ী, দেশের মূলধারার একদিন আগেই ঈদের আনুষ্ঠানিকতা পালন করলেন স্থানীয়রা।
প্রায় একশ বছর ধরে এই ধর্মীয় ঐতিহ্য ধরে রেখেছেন তারা।স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯২৮ সালের দিকে বদরপুর দরবার শরীফের অনুসারীরা সৌদি আরবের সঙ্গে সংগতি রেখে রোজা ও ঈদের প্রচলন করেন।
সময়ের সাথে সাথে সদর উপজেলার বদরপুরসহ জেলার বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে এই রীতি। দরবার শরীফের খতিব মাওলানা মো. শফিকুল আলম গনি জানান, বিশ্বের কোনো দেশে চাঁদ দেখার সংবাদ নিশ্চিত হলেই তারা সেই হিসাব অনুযায়ী ঈদ পালন করেন।
চট্টগ্রামের এলাহাবাদ ও সাতকানিয়ার পীরের অনুসারীরাই মূলত এই ধারার সূচনা করেছিলেন।পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ পালনে স্থানীয়দের মাঝে ব্যাপক উৎসাহ দেখা গেছে।আজ সকাল ৮টায় বদরপুর দরবার শরীফে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।
জামাতে অংশ নেওয়া মুসল্লি মো. সাইফুল ইসলাম জানান, ছোটবেলা থেকেই এই রীতির সঙ্গে অভ্যস্ত তারা। সামাজিক ও পারিবারিক ঐতিহ্য হিসেবেই এটি পালন করা হয়। সব মিলিয়ে ৩৫টি গ্রামের কয়েক হাজার পরিবার আজ কোরবানির আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন