মে ২৭, ২০২৬, ০২:০০ পিএম
রাজধানীর নতুন বাজার সংলগ্ন নর্দ্দা এলাকায়নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস রোড ডিভাইডার ভেঙে বিপরীত লেনের আরেকটি বাসকে ধাক্কা দিয়েছে। বুধবার সকাল ৬টার দিকে ঘটা এই দুর্ঘটনায় অন্তত ৪ জন যাত্রী নিহত এবং ১০ জন আহত হয়েছেন। পটুয়াখালী থেকে ঢাকার উদ্দেশে আসা ইসলাম পরিবহনের বাসটি কুড়িলগামী লেনে বেপরোয়া গতিতে চলার সময় এই দুর্ঘটনা ঘটে।
ঘাতক বাসের চালক ও সহকারী ঘটনার পর থেকেই পলাতক রয়েছে।ভাটারা থানার উপপরিদর্শক নেসার উদ্দিন প্রত্যক্ষদর্শীদের বরাতে জানান, গতি নিয়ন্ত্রণ করতে না পেরে বাসটি ডিভাইডারের ওপর উঠে বিপরীত লেনের কুড়িল থেকে সদরঘাটগামী আকাশ পরিবহনের বাসে সরাসরি ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই এক যাত্রীর মৃত্যু হয় এবং কুর্মিটোলা হাসপাতালে নেওয়ার পর আরও তিনজনকে মৃত ঘোষণা করা হয়। নিহতরা হলেন বাগেরহাটের মোংলা থানার লাইজু বেগম, কবির জমাদ্দার, খুশি বেগম এবং পটুয়াখালীর মির্জাগঞ্জের মো. রবিউল।
আহতদের উদ্ধার করে কুর্মিটোলা ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।দুর্ঘটনার পর ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হলে ঈদমুখী যাত্রীরা ভোগান্তিতে পড়েন।
ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস উপস্থিত হয়ে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি সরিয়ে নিলে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়। পুলিশ নিহতের মরদেহ ময়নাতদন্তের প্রক্রিয়া শুরু করেছে এবং ঘাতক বাসের চালককে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন