শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬,
মহাসড়কে মর্মান্তিক দুর্ঘটনা

বরিশাল মহাসড়কে বাস পুকুরে পড়ে নিহত ১

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১৯, ২০২৬, ০১:৩১ পিএম

বরিশাল মহাসড়কে বাস পুকুরে পড়ে নিহত ১

ছবি: সংগৃহীত

বরিশাল-স্বরূপকাঠি মহাসড়কে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গভীর পুকুরে পড়ে আব্দুল মালেক নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন বাসের আরও অন্তত ১৫ জন যাত্রী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ১০টার দিকে বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের অন্তর্গত গজালিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল মালেক (৫৫) বানারীপাড়া উপজেলার বাইসারী ইউনিয়নের বাসিন্দা এনসের আলী বেপারীর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্বরূপকাঠি বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে আরিয়ান পরিবহনের একটি বাস বরিশালের উদ্দেশে রওনা হয়। গজালিয়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি ছিটকে গিয়ে সড়কের পাশের একটি পুকুরে ডুবে যায়। আকস্মিক এই দুর্ঘটনায় বাসের ভেতরে থাকা যাত্রীরা আটকা পড়েন। স্থানীয় বাসিন্দারা দ্রুত ছুটে এসে উদ্ধার কাজে হাত লাগান।

দুর্ঘটনার খবর পেয়ে আশপাশের লোকজন তাৎক্ষণিকভাবে পানিতে নেমে যান এবং বাসের ভেতর থেকে যাত্রীদের বাইরে বের করে আনার চেষ্টা চালান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল। যৌথ অভিযানের একপর্যায়ে বাসের ভেতর থেকে আব্দুল মালেকের মরদেহ উদ্ধার করা হয়।

আহত যাত্রীদের দ্রুত উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, স্বরূপকাঠি থেকে যাত্রী নিয়ে বরিশালের দিকে আসা আরিয়ান পরিবহনের বাসটি গজালিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। ঘটনাস্থল থেকেই একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছে।