জুন ৬, ২০২৬, ০২:৩২ পিএম
একই ভবনের এক ফ্ল্যাট থেকে অন্য ফ্ল্যাটের দরজার দূরত্ব মাত্র তিন ফুট। এই অল্প দূরত্বের মধ্যেও নিজের সন্তানকে রক্ষা করতে না পারার আক্ষেপ ও ক্ষোভ জানিয়েছেন আট বছর বয়সি শিশু রামিসা আক্তারের বাবা আব্দুল হান্নান মোল্লা। শনিবার রাজধানীতে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি তার মেয়ের হত্যার দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন।
রামিসা হত্যা মামলার রায় ঘোষণার জন্য আগামী ৭ জুন দিন ধার্য করেছেন আদালত।গত বৃহস্পতিবার ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন উভয় পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে এই দিন নির্ধারণ করেন।
রাষ্ট্রপক্ষ আদালতকে জানিয়েছে, সাক্ষীরা আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছেন। প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়ে আবেদন জানিয়েছে রাষ্ট্রপক্ষ।
আসামিপক্ষ অবশ্য রাষ্ট্রপক্ষের দাবি নাকচ করে খালাস চেয়েছেন।সাক্ষ্যগ্রহণে রামিসাকে খোঁজা, সন্দেহভাজন ফ্ল্যাট শনাক্ত, রক্তের আলামত ও শিশুটির মরদেহ উদ্ধারের বর্ণনা উঠে এসেছে। আদালতে প্রধান আসামি সোহেল রানা নিজের দোষ স্বীকার করলেও স্ত্রীকে নির্দোষ দাবি করেছেন। তবে স্বপ্না আক্তার নিজেকে পুরোপুরি নির্দোষ দাবি করে আদালতকে নিজের বক্তব্য জানিয়েছেন।
আদালত উভয় আসামির বক্তব্য রেকর্ড করে রায়ের দিন চূড়ান্ত করেন।১৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের পর এখন রায়ের অপেক্ষায় রামিসার পরিবার। পুরো ঘটনায় সমাজ ও রাষ্ট্রে শিশুদের নিরাপত্তা নিয়ে ফের নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়েছে। অপরাধীদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসাই এখন একমাত্র চাওয়া ভুক্তভোগী পরিবারের।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন