বুধবার, ২১ অক্টোবর, ২০২৬,

ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ১৮, ২০২৬, ১১:৩৮ পিএম

ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার

ছবি: দিনাজপুর টিভি গ্রাফিক্স

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় এক নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মোস্তাফিজুর রহমান মাহাবুব নামে স্থানীয় এক জামায়াত নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার মাধবখালী ইউনিয়নের উত্তর চৈতা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মোস্তাফিজুর রহমান মাহাবুব উত্তর চৈতা গ্রামের মৃত জয়নাল মৌলভীর ছেলে এবং মাধবখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি।

পেশায় পল্লী চিকিৎসক মাহাবুবের বাড়ির পাশেই একটি ফার্মেসি রয়েছে।মামলার এজাহার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভুক্তভোগী নারীর ভাইয়ের ছেলের পড়াশোনার উন্নতির জন্য তাবিজ দেওয়ার কথা বলে মাহাবুব তাকে নিজ বাড়িতে ডেকে নেন। সেখানে ঘরের ভেতরে আটকে রেখে তাকে ধর্ষণচেষ্টা চালানো হয় বলে অভিযোগ রয়েছে। ভুক্তভোগী ওই নারী জানান, প্রায় এক বছর আগে তার স্বামীর সঙ্গে সম্পর্কের অবনতি ঘটে। পারিবারিক সমস্যার কারণে তিনি আগে থেকেই অভিযুক্তের কাছে তাবিজ নিতে যেতেন, যে কারণে তাদের মধ্যে পরিচয় ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন সকালে মাহাবুব তার স্ত্রী ও সন্তানদের শ্বশুরবাড়িতে পাঠিয়ে দেন এবং সন্ধ্যায় ওই নারীকে বাড়িতে ডাকেন। প্রায় দুই ঘণ্টা পর ঘরের ভেতর থেকে নারীর চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন। এরপর ভুক্তভোগী নারী মির্জাগঞ্জ থানায় ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন।মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ভুক্তভোগী নারীর মামলার পরিপ্রেক্ষিতে অভিযুক্ত মোস্তাফিজুর রহমান মাহাবুবকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে এবং মামলার পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।