বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি, রাতে খুলছে ১৬ জলকপাট

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২৯, ২০২৬, ০৭:২৬ পিএম

কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি, রাতে খুলছে ১৬ জলকপাট

ছবি : সংগৃহীত

কাপ্তাই হ্রদে পানির সমতল বিপৎসীমার কাছাকাছি পৌঁছে যাওয়ায় উজান ও ভাটি এলাকার বন্যা নিয়ন্ত্রণে ১৬টি স্পিলওয়ে বা জলকপাট খুলে পানি নিষ্কাশনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার রাত ১০টা থেকে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে তুলে হ্রদ থেকে পানি ছাড়ার এই কার্যক্রম শুরু হবে।কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান এই তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্র থেকে জারিকৃত জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, হ্রদে পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় বন্যা নিয়ন্ত্রণের লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। শনিবার দুপুর ২টায় কাপ্তাই হ্রদের পানির উচ্চতা রেকর্ড করা হয়েছে ১০৫ দশমিক ৬৪ ফুট এমএসএল, যেখানে হ্রদের সর্বোচ্চ পানি ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল।

প্রাথমিক পর্যায়ে স্পিলওয়ের ১৬টি জলকপাট ৬ ইঞ্চি পরিমাণ উঠিয়ে প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক পানি নিষ্কাশন করা হবে। এর পাশাপাশি বর্তমানে বিদ্যুৎ উৎপাদনের জন্য কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিটের মাধ্যমে প্রতি সেকেন্ডে আরও প্রায় ৩২ হাজার কিউসেক পানি নিষ্কাশিত হচ্ছে।

প্রকৌশলী মাহমুদ হাসান জানান, হ্রদের পানির উচ্চতা, বৃষ্টিপাত ও উজানের ঢলের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। বৃষ্টিপাত ও পানির প্রবাহের ওপর নির্ভর করে জলকপাট খোলার সময় কিংবা পানি ছাড়ার পরিমাণ পরবর্তীতে পরিবর্তন বা বৃদ্ধি করা হতে পারে।