আগস্ট ২৯, ২০২৬, ০৯:৪৬ পিএম
কাপ্তাই হ্রদে পানির মাত্রা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় উজান ও ভাটি এলাকার বন্যা নিয়ন্ত্রণে স্পিলওয়ের ১৬টি জলকপাট খুলে দেওয়া হয়েছে। পূর্বঘোষিত রাত ১০টার পরিবর্তে শনিবার রাত ৮টা থেকেই গেটগুলো ৬ ইঞ্চি করে উচিয়ে পানি নিষ্কাশন শুরু করে কর্তৃপক্ষ।কর্ণফুলী পানিবিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
বিদ্যুৎকেন্দ্র সূত্রে জানা গেছে, বাঁধের স্পিলওয়ে দিয়ে প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে গিয়ে পড়ছে। গেট খোলার সময় কাপ্তাই হ্রদের পানির উচ্চতা রেকর্ড করা হয় ১০৫ দশমিক ৯৮ ফুট এমএসএল, যেখানে হ্রদের সর্বোচ্চ পানি ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল। এর আগে গত জুলাই মাসেও একই পরিস্থিতি সৃষ্টি হলে বাঁধের জলকপাট খোলা হয়েছিল।
প্রকৌশলী মাহমুদ হাসান জানান, বর্তমানে বিদ্যুৎকেন্দ্রের সচল ৫টি ইউনিটের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রতি সেকেন্ডে আরও প্রায় ৩২ হাজার কিউসেক পানি নিষ্কাশন করা হচ্ছে। ফলে স্পিলওয়ে ও বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র মিলিয়ে এখন প্রতি সেকেন্ডে মোট ৪১ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে প্রবাহিত হচ্ছে।হ্রদের পানির উচ্চতা ও প্রাকৃতিক প্রবাহ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। বৃষ্টিপাত ও উজানের ঢলের ওপর ভিত্তি করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন