রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬,

সার পাচারের প্রতিবাদে দিনাজপুরে কোদাল ও বাউকা হাতে কৃষকদের বিক্ষোভ

মো: মামুনুর রশিদ

নভেম্বর ১৬, ২০২৫, ০৩:৪৬ পিএম

সার পাচারের প্রতিবাদে দিনাজপুরে কোদাল ও বাউকা হাতে কৃষকদের বিক্ষোভ

ছবি-দিনাজপুর টিভি

কৃষকের জন্য বরাদ্দকৃত সার কালোবাজারে বিক্রি ও পাচারের প্রতিবাদে এবং অভিযুক্ত ডিলারের বিএডিসি লাইসেন্স বাতিলের দাবিতে দিনাজপুরে অভিনব প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন কৃষকরা।

আজ রোববার (১৬ নভেম্বর) সকালে দিনাজপুর প্রেসক্লাবের সামনে হাতে কোদাল ও কাঁধে বাউকা নিয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন তাঁরা।

সদর উপজেলার ৪নং শেখপুরা ইউনিয়নের ভুক্তভোগী কৃষকরা এই কর্মসূচির আয়োজন করেন। পরে তাঁরা দিনাজপুর জেলা প্রশাসকের মাধ্যমে কৃষি উপদেষ্টার নিকট একটি স্মারকলিপি প্রদান করেন।

অভিযোগের বিবরণ স্মারকলিপিতে কৃষকরা অভিযোগ করেন, শেখপুরা ইউনিয়নের মাস্তান বাজার এলাকার বিএডিসি সার ডিলার এবং মেসার্স আমেনা ট্রেডার্সের স্বত্বাধিকারী আবেদুল ইসলাম দীর্ঘদিন ধরে কৃষকদের সার না দিয়ে কালোবাজারে বিক্রি করে আসছেন। কৃষকরা সারের জন্য গেলে তিনি গড়িমসি করেন এবং সার নেই বলে ফিরিয়ে দেন। ডিলারের এমন কার্যকলাপের কারণে প্রকৃত কৃষকরা সার পাচ্ছেন না, ফলে তাঁদের উৎপাদন খরচ বাড়ছে এবং চাষাবাদ ব্যাহত হচ্ছে।

সদ্য ঘটে যাওয়া ঘটনা কৃষকরা জানান, সর্বশেষ গত ১০ নভেম্বর ২০২৫ তারিখে মেসার্স আমেনা ট্রেডার্সের জন্য বরাদ্দকৃত সার ট্রাক্টরযোগে বীরগঞ্জে পাচার করা হচ্ছিল। এ সময় মহারাজা মোড়ে স্থানীয় জনতা সারভর্তি ট্রাক্টরটি আটক করে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে সার, ট্রাক্টর ও চালকসহ ৪ জনকে আটক করে থানায় নিয়ে যায়। পুলিশের জিজ্ঞাসাবাদে চালক স্বীকার করেন যে সারগুলো ডিলার আবেদুল ইসলামের। এ ঘটনায় মামলা হলেও ডিলারের বিরুদ্ধে এখনো কোনো প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়নি বলে কৃষকদের অভিযোগ।

কৃষকদের দাবি মানববন্ধনে কৃষকরা বিএডিসি ডিলার মেসার্স আমেনা ট্রেডার্সের লাইসেন্স বাতিল এবং স্বত্বাধিকারী আবেদুল ইসলামের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। কর্মসূচিতে কৃষক সামিদুল ইসলাম, হুসেন আলী, ফজলু রহমান, আবুল হামিদ, শহিদুল ইসলাম, সাঈদ ইসলাম, ওমর ফারুক তালুকদার, আজগার আলী, গোলাব রব্বানীসহ শতাধিক কৃষক অংশগ্রহণ করেন।

অভিযুক্তের বক্তব্য এ বিষয়ে মেসার্স আমেনা ট্রেডার্সের স্বত্বাধিকারী আবেদুল ইসলামের মুঠোফোনে (০১৭১৩-৮৬৯৬০০) একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।