আতিউর রহমান
ডিসেম্বর ২৭, ২০২৫, ০৭:১৪ পিএম
ছবি-দিনাজপুর টিভি
দিনাজপুরের বিরল সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ৭ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার খোপড়াগ্রাম এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন—ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মোঃ আলম (২৫), মোঃ মুনির আলী (২৪), মকলেস (২১), মোঃ ওয়াসিম (২০), মোঃ নুর আলী (২০), মোঃ জুবায়ের হোসেন (১৯) এবং মোঃ হাবিবুর রহমান।
৪২ বিজিবি দিনাজপুর ব্যাটালিয়নের অধীনস্থ কিশোরীগঞ্জ বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ৩৩১/৩-এস থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে তাদের আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান, প্রায় ৭ মাস আগে দালালের মাধ্যমে কাজের সন্ধানে তারা অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। কাজ শেষে একইভাবে দেশে ফেরার সময় বিজিবির হাতে ধরা পড়েন তারা।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, আটককৃতদের নাগরিকত্ব যাচাই শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিরল থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরও জানান, সীমান্ত সংক্রান্ত অপরাধ এবং অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির এই কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।