অলিউর রহমান মিরাজ
জানুয়ারি ৭, ২০২৬, ০৩:১১ পিএম
ছবি-দিনাজপুর টিভি
দিনাজপুরের নবাবগঞ্জে হাড়কাঁপানো শীতে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে দাউদপুর ব্লাড ডোনেশন সোসাইটি। বুধবার ৭ জানুয়ারি দুপুরে উপজেলার দাউদপুর ডিগ্রী কলেজ মাঠে সংগঠনের পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
দাউদপুর ব্লাড ডোনেশন সোসাইটির সভাপতি রোহান আহম্মেদ রাজুর সভাপতিত্বে এই বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. বেলাল হোসেন।
তিনি তরুণদের এই মানবিক কাজের ভূয়সী প্রশংসা করেন এবং সমাজসেবায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
সংগঠনের সভাপতি রোহান আহম্মেদ রাজু জানান প্রবাসী ভাই মোরসালিন ইসলাম ও তাঁর সহকর্মীদের বিশেষ আর্থিক সহযোগিতায় এই কম্বলগুলো বিতরণ করা সম্ভব হয়েছে। তিনি এই কর্মসূচিতে সহযোগিতাকারী সকল প্রবাসী এবং সংগঠনের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে দাউদপুর ব্লাড ডোনেশন সোসাইটির স্থায়ী কমিটির সদস্য মাহমুদুন্নবী সিজার মো. তামিম মন্ডল এবং মোরশেদ কবির অর্কসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।