মো আরিফ ইসলাম
জানুয়ারি ৯, ২০২৬, ০৬:২০ পিএম
ছবি-দিনাজপুর টিভি
দিনাজপুরের বীরগঞ্জে আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি ও সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে উপজেলার ৪নং পাল্টাপুর ইউনিয়নের কাজল তিন রাস্তার মোড়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মো. আলমগীরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রফিক ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মো. আজাহারুল ইসলাম রাজা।
প্রধান অতিথির বক্তব্যে আজাহারুল ইসলাম রাজা বলেন, আগামী দিনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হলে তৃণমূলের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে।
শ্রমিক দলের প্রতিটি কর্মীকে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করতে হবে। তিনি দলীয় কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে উপস্থিত কর্মীদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক জিয়া ইসলাম, মাজেদুল ইসলাম, আবু বক্করসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা আগামী দিনের যেকোনো রাজনৈতিক আন্দোলনে জাতীয়তাবাদী শক্তির হাতকে শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন। উঠান বৈঠকে স্থানীয় শ্রমিক ও দলের বিপুল সংখ্যক সমর্থক অংশগ্রহণ করেন।