শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬,

স্বৈরাচাররা শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছিল : তারেক রহমান

জাতীয় ডেস্ক

মে ২, ২০২৬, ১০:৪৯ এএম

স্বৈরাচাররা শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছিল : তারেক রহমান

বিগত কয়েক বছরে বন্ধ হয়ে যাওয়া দেশের কলকারখানাগুলো পুনরায় চালু করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১ মে) বিকেলে মহান মে দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী বলেন, বিগত শাসনামলে স্বৈরাচারী শাসকরা শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে। ফ্যাসিবাদী আমলে প্রতিটি শ্রেণি-পেশার মানুষকে তাঁদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল। সেই সময়ে দেশের অর্থনীতি লুটপাটের মহোৎসবে পরিণত হয়েছিল বলে তিনি মন্তব্য করেন।

শ্রমিকদের কল্যাণে নতুন উদ্যোগের কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, শ্রমিকদের স্ত্রীদের জন্য সরকারিভাবে ‘ফ্যামিলি কার্ড’ প্রদান করা হবে। এ ছাড়া হকার উচ্ছেদ প্রসঙ্গে তিনি বলেন, শুধু হকার উচ্ছেদ করলেই হবে না, তাঁদের জন্য বিকল্প কর্মসংস্থান তৈরি করতে হবে। 

খেটে খাওয়া মানুষ ভালো থাকলে তবেই বাংলাদেশ ভালো থাকবে।কৃষি ও কৃষকদের উন্নয়নে নেওয়া পদক্ষেপের কথা উল্লেখ করে তারেক রহমান জানান, ইতোমধ্যে কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করা হয়েছে। কৃষকদের জন্য বিশেষ কার্ড দেওয়ার বিষয়েও সরকারের কাজ চলছে। তিনি বলেন, দেশের অধিকাংশ মানুষ গ্রামে বাস করেন এবং তাঁরা সঠিক সময়ে সেচের পানি পান না। এই সমস্যা সমাধানে দেশব্যাপী আবারও খাল খনন কর্মসূচি শুরু করা হয়েছে।

নয়াপল্টনে অনুষ্ঠিত এই সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেইন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যের শেষে বলেন, কৃষক ও শ্রমিকদের ভাগ্য পরিবর্তন করতে পারলেই বাংলাদেশের সামগ্রিক ভাগ্য পরিবর্তন হবে। সরকার সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে। সমাবেশে শ্রমিক দলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ শ্রমিকরা অংশ নেন।