মোঃমোমিনুল ইসলাম
জানুয়ারি ৩০, ২০২৬, ০৭:২৪ পিএম
ছবি-দিনাজপুর টিভি
দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ-শহীদ বড় ময়দানে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে ৫৪তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুরের ব্যবস্থাপনায় এই বিশাল আয়োজনের পর্দা নামলো।
শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) বাংলাদেশের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর বি. এম. আব্দুল হান্নান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মুহাম্মদ তৌহিদুল ইসলাম।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী অ্যাথলেটিকস, ক্রিকেট, হকি ও ব্যাডমিন্টনসহ বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে। সমাপনী দিনে চূড়ান্ত প্রতিযোগিতার পর বিজয়ীদের মাঝে ট্রফি, মেডেল ও সনদপত্র বিতরণ করা হয়।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, "তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে এবং শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়া প্রতিযোগিতার কোনো বিকল্প নেই। এই মাঠ থেকেই আগামীর জাতীয় স্তরের খেলোয়াড়রা তৈরি হবে।" তিনি বিজয়ীদের অভিনন্দন জানানোর পাশাপাশি যারা সফল হতে পারেনি তাদের ভবিষ্যতে আরও ভালো করার প্রেরণা দেন।
অনুষ্ঠানে শিক্ষা বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন জেলা থেকে আসা শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। গোর-এ-শহীদ ময়দানের কানায় কানায় পূর্ণ দর্শনার্থীদের উল্লাস পুরো আয়োজনকে একটি জাতীয় উৎসবে পরিণত করে।