মো.ফরহাদ ইসলাম
ফেব্রুয়ারি ১, ২০২৬, ০৫:৩৬ পিএম
ছবি-দিনাজপুর টিভি
বন্ধুত্ব কেবল আনন্দের নয়, বিপদে পাশে দাঁড়ানোরও নাম—এই মন্ত্রকে সামনে রেখে কোলন ক্যান্সারে আক্রান্ত বন্ধুর পাশে দাঁড়িয়েছে এসএসসি ১৯৯৪ ব্যাচের বন্ধুদের সংগঠন ‘সিগনেচার ৯৪’। কোলন ক্যান্সারে আক্রান্ত বন্ধু মোঃ রুহুল আমীনের ব্যয়বহুল চিকিৎসায় সংগঠনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) রাত ৮টায় দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভার ১ নং ওয়ার্ডের অস্থায়ী কার্যালয়ে সংগঠনের সাধারণ সভায় এই মানবিক সিদ্ধান্ত নেওয়া হয়। সংগঠনের সভাপতি মোঃ শামীম আকতার সজীবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ হারুনুর রশিদ কাঞ্চনের সঞ্চালনায় সভায় বন্ধুত্বের এই সেতুবন্ধনকে আরও সুদৃঢ় করার অঙ্গীকার করা হয়।
সভায় জানানো হয়, কোলন ক্যান্সারের থেরাপি নিতে গিয়ে রুহুল আমীনের পরিবার অর্থনৈতিকভাবে চরম সংকটে পড়েছে। এমন পরিস্থিতিতে তাকে একাকী না রেখে সংগঠনের তহবিল থেকে আর্থিক সহায়তা দেওয়া হয় এবং ভবিষ্যতে এই সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেওয়া হয়।
আর্থিক সহায়তা পেয়ে আবেগাপ্লুত রুহুল আমীন বলেন, “চিকিৎসার খরচ নিয়ে যখন আমি দিশেহারা, বন্ধুরা যেভাবে পাশে দাঁড়িয়েছে তা আমাকে বেঁচে থাকার নতুন সাহস দিয়েছে।” সভাপতি মোঃ শামীম আকতার সজীব বলেন, “সিগনেচার ’৯৪ আমাদের কাছে একটি পরিবার। বন্ধুর বিপদে পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।”
সাধারণ সভায় এছাড়াও ২০২৬ সালের বার্ষিক সাধারণ সভা ও বনভোজনের প্রস্তুতি এবং অস্ট্রেলিয়া প্রবাসী উপদেষ্টা নুরুল হক বাবু’র সফর উপলক্ষে সংবর্ধনার সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপদেষ্টা মোতাহার হোসেন, আব্দুর রহমানসহ সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।